২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হিযবুতের ৬ জনের রায় রোববার

হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার রায় ঘোষণার জন্য রোববার দিন রাখা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2019, 08:39 PM

Updated : 18 Aug 2022, 04:40 PM

এর আগে গত ২০ ডিসেম্বর রায় প্রস্তুত না হওয়ায় সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান তারিখ পিছিয়ে দেন।

এর আগে আরও চারবার রায় ঘোষণার তারিখ পেছানো হয়।

রায়ের দিন আবার পেছাতে পারে কীনা জানতে চাইলে ট্রাইবুনালের পেশকার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ““এ বিষয়টি নিশ্চিত নয়। তবে রায় ঘোষণার দিন নিধারিত রয়েছে। রায় লেখা প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ রাখা হয়েছিল।”

মামলার অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- হিযবুত তাহরীরের যুগ্ম সমন্বয়ক কাজী মোরশেদুল হক প্লাবন, সদস্য তানভীর আহম্মেদ, সাইদুর রহমান, আবু ইউসুফ আলী ও তৌহিদুল আলম।  

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১০ সালের ১৮ এপ্রিল উত্তরার ৩ নম্বর সেক্টরে তাকওয়া মসজিদের পশ্চিম পাশে হিযবুত তাহরীর বাংলাদেশের কিছু সদস্য জড়ো হন। তারা সরকারবিরোধী ষড়যন্ত্র এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থানে হামলা করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন।

উত্তরা থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট, পেট্রোল বোমা উদ্ধার করে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হলে তদন্ত শেষে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি ডিবি ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়।

রাষ্ট্রপক্ষ ১৬ সাক্ষীর মধ্যে সাতজনকে উপস্থাপন করে।