২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বেতন স্কেল অনুযায়ী পিআরএল ও পেনশন পাবেন বুয়েটে ১৯ শিক্ষক

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অবসরোত্তর ছুটি (পিআরএল) ও পেনশন সুবিধা পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক তিন উপাচার্যসহ অবসরপ্রাপ্ত ১৯ শিক্ষক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2019, 06:53 PM

Updated : 18 Aug 2022, 04:40 PM

হাই কোর্টের রায় পুনর্বিবেচনা চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বুয়েটের আবেদন খারিজ করে বৃহস্পতিবার এ রায় দিয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ।

শিক্ষকদের আইনজীবী উর্মি রহমান সাংবাদিকদের বলেন, ফলে অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের প্রাপ্য পিআরএল ও পেনশন সুবিধা পাচ্ছেন।

গত বছরের ৮ আগস্ট বুয়েট ও ইউজিসির আপিলের আবেদন খারিজ করে হাই কোর্টের রায়ই বহাল রেখেছিল আপিল বিভাগ। পরে সেই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে বুয়েট ও ইউজিসি।

 আদালতে ১৯ শিক্ষকের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। তার সঙ্গে ছিলেন তবারক হোসেইন ও উর্মি রহমান। ইউজিসির পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

 উর্মি রহমান বলেন, অবসরের পর পিআরএল ও পেনশন সুবিধা নিয়ে বুয়েটের ১৯ শিক্ষক ২০১৭ সালে আলাদা তিনটি রিট আবেদন করেছিলেন। গত বছরের ৪ ফেব্রুয়ারি হাই কোর্ট রায় দেয়।

 হাই কোর্টের রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে শিক্ষকদের প্রাপ্য পিআরএল ও পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 ওই রায়ের বিরুদ্ধে আলাদা আপিলের অনুমতি চেয়ে আবেদন করে বুয়েট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

গত বছরের ৮ আগস্ট সেই আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। তার রিভিউ চেয়ে বুয়েট ও ইউজিসি কর্তৃপক্ষ আবদন করেছিল, যা খারিজ হয়ে গেল।

১৯ শিক্ষককের মধ্যে সাতজন পাবেন পেনশন সুবিধা। আর বাকি ১২ জন পিআরএল ও পেনশন উভয় সুবিধা পাবেন বলে জানান উর্মি রহমান।