২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা-ধর্ষণের বিচার দাবিতে বামধারার নারী সংগঠনগুলোর সমাবেশ

নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণে জড়িতদের শাস্তি এবং সাভারে পোশাক শ্রমিক সুমন হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক নারী সংগঠনগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2019, 10:01 PM

Updated : 10 Oct 2022, 08:49 PM

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বামপন্থি কয়েকটি নারী সংগঠনের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব দাবি জানান।

খুন, ধর্ষণ, নির্বাচন পরবর্তী সহিংসতা, ঢাকার গেন্ডারিয়ায় তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার পর হত্যা, ডেমরায় দুই কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যা, আশুলিয়ায় গার্মেন্ট নারী শ্রমিককে ধর্ষণ ও হত্যাসহ সারা দেশে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সাভারে পোশাক শ্রমিক সুমন মিয়া হত্যার প্রতিবাদে এই সমাবেশ হয়।

রাষ্ট্রে ‘গণতন্ত্রহীনতার এবং বিচারহীনতার কারণে’ পরোক্ষভাবে এসব ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

এসব ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা অভিযোগ করেন, সুবর্ণচরে ধর্ষণের ঘটনা কোনো বিচ্ছন্ন ঘটনা নয়, সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীরা আক্রান্ত হচ্ছে। ‘ভোটারবিহীন জবরদস্তির নির্বাচনের’ মাধ্যমে জয়লাভ করার পর ‘সরকারদলীয় সন্ত্রাসীরা’ বেপরোয়া হয়ে সর্বত্র হামলা নির্যাতন শুরু করেছে।

ঢাকার সাভারে পুলিশের গুলিতে গার্মেন্ট শ্রমিক সুমনের মৃত্যু হয়েছে দাবি করে নারী নেত্রীরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়া পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন তারা।

অধ্যাপক এ এন রাশেদার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সিপিবির নারী সেলের লুনা নূর, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নীশিখা জামালি, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, নারী মুক্তি কেন্দ্রের সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবি, নারী সংহতির সভাপতি শ্যামলী শীল, বিপ্লবী নারী ফোরামের যুগ্ম আহ্বায়ক আমেনা আক্তার বক্তব্য দেন।