২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ হলে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা ধরা

জগন্নাথ হল থেকে ইয়াবাসহ ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2019, 09:18 PM

Updated : 18 Aug 2022, 04:40 PM

গ্রেপ্তার বিধান চন্দ্র রায় এক সময় জগন্নাথ হল ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন। দর্শন বিভাগের এই ছাত্রের ছাত্রত্ব শেষ হলেও তিনি হলে অবস্থান করছিলেন বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

বুধবার ভোররাতে হলের নর্থ ভবনের ১৯ নম্বর কক্ষ থেকে বিধানের সঙ্গে বহিরাগত দুজনকে পুলিশে দেওয়া হয়। তাদের কাছে কয়েকটি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম এবং গাঁজা উদ্ধারের কথা জানানো হয়েছে।

অন্য দুজন হলেন গোপালগঞ্জের বাসিন্দা সূবর্ণ বৈদ্য এবং একটি বেসরকারি টেলিভিশনের কর্মচারী ইমরান আহমেদ শুভ।

এই তিনজনকে পুলিশে তুলে দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের বলেছেন, তারা কীভাবে হলে অবস্থান করছিলেন, তা পুলিশ খতিয়ে দেখবে।

হলের শিক্ষার্থীরা বলছে, ছাত্রত্ব শেষ হলেও বিধান ও তার সঙ্গীরা বেশিরভাগ সময়েই ওই কক্ষটিতে অবস্থান করতেন। এর আগে ২০১৫ সালের অগাস্টে এক আনসার সদস্যের বান্ধবীর চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায়ও বিধান ও তার সঙ্গীদের জড়িত থাকার অভিযোগ ছিল।

তারা জানান, ভোররাতে সাদা পোশাকে থাকা পুলিশের একটি দল নিয়ে ১৯ নম্বর কক্ষে যান দুই সহকারী প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান ও ড. লিটন কুমার সাহা। অভিযানের সময় সুবর্ণ অন্য একটি কক্ষে পালিয়ে গেলেও তাকে সেখান থেকে ধরে আনা হয়।

ড. লিটন সাংবাদিকদের বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রসহ তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তাদের থেকে ইয়াবা ও তা সেবনের সরঞ্জাম এবং গাঁজা উদ্ধার করা হয়েছে।”

কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আসীম কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে বুধবার রাতে হল প্রশাসন বৈঠকে বসবে।

“এ বিষয়ে আমরা কঠোর অবস্থান নেব,” বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “তিনজনের কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও তারা কীভাবে হলে অবস্থান করছেন, তাদের উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছে পুলিশ।”

শাহবাগ থানার ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দিকে আমরা এগোব।”