গোলাম দস্তগীরের মাথায় হাত রেখে দোয়া দিলেন প্রামাণিক
নতুন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে মন্ত্রীর চেয়ারে বসিয়ে দেওয়ার পর তার মাথায় হাত রেখে দোয়া দিয়ে বিদায় নিয়েছেন এই মন্ত্রণালয়ের গত মেয়াদের মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক।
মঙ্গলবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আসার পর নতুন মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।
পরে গোলাম দস্তগীরকে মন্ত্রীর চেয়ারে বসিয়ে দেন বিদায়ী মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক। পরে মন্ত্রীর পাশে একটি চেয়ারে বসেন তিনি।
গোলাম দস্তগীর সাংবাদিকদের বলেন, “তিনি (বিদায়ী মন্ত্রী) এসে আমাকে উনার চেয়ারে নিজেই বসিয়ে দিয়েছেন। উনারা যে কাজ রেখে গেছেন সে কাজের ধারাবাহিকতা রক্ষা করে আমি আমার কাজ চালিয়ে যেতে চাই।
“যেহেতু আমি শিল্প সেক্টরের লোক, আমারও কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এই সেক্টরকে এগিয়ে নিতে চাই। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে কাজ করার দরকার তা করব।”
পাটের তৈরি পণ্যের বহুমুখীকরণ ও উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে গত বছর জাতীয় পাট দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাটের সোনালী দিন ফিরেছে।
পাটের জিন রহস্যের উদ্ভাবক বাংলাদেশের প্রয়াত বিজ্ঞানী ড. মাকসুদুল আলম। আর এর মেধাসত্ত্ব অধিকারও (Patent right) রয়েছে বাংলাদেশের ঘরে।
পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পচনশীল পাটের তৈরি ‘সোনালী ব্যাগ’ আবিষ্কার করা হয়েছে দেশেই।
নতুন দায়িত্বের ‘চ্যালেঞ্জ’ হাতে নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর বলেন, “নতুন প্রজন্ম আমাদের দিকে চেয়ে আছে, কিন্তু আমাদের এখানে কর্মক্ষেত্র এবং অর্থক্ষেত্র দুটোই চ্যালেঞ্জ। তাদের জন্য ক্ষেত্র তৈরি করতে হবে।
“এ সেক্টরে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, কীভাবে বিনিয়োগ আকৃষ্ট করা যায় সে চেষ্টা থাকবে।”
উন্নয়নের সুফল পেতে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, “বর্তমান সরকার অনেক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছে, এগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে তার সুফল জনগণকে পৌঁছে দিতে হলে দরকার সুশাসন। সুশাসন প্রতিষ্ঠা হলে দেশের বেকার সমস্যা দূর হবে।”
