সাংবাদিকদের জন্য খোলা থাকবে নতুন পূর্তমন্ত্রীর দ্বার
সাংবাদিকদের কোনো তথ্যের প্রয়োজন হলে সরাসরি জানতে চাওয়ার পরামর্শ দিলেন নতুন পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি মনে করছেন, সাংবাদিকরা এটা করলে বিভ্রান্তি এড়ানো সহজ হবে।
মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর রেজাউল করিম সাংবাদিকদের বলেন, “যে মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেটা একটি বড় মন্ত্রণালয়। এর ১২টি অর্গান রয়েছে। এখানে কাজের পরিসর অনেক বড়।
কাজে ভুল হলে তা ধরিয়ে দিতে সাংবাদিকদের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আমি আইন পেশায় আসার আগে সংবাদ মাধ্যমে ছিলাম। সংবাদ মাধ্যমের জন্য প্রচণ্ড ভালোবাসা আমার রয়েছে।
“আমাদের কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে আমার সচিব আছে এখানে, আমাদেরকে ধরিয়ে দেবেন; আমরা সংশোধন করার চেষ্টা করব।”
গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে ‘উপদেশ’ হিসেবে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “…তবে একটা অনুরোধ থাকবে, কোনো সমস্যা দেখলে নিউজ আইটেমের বিষয়ে আমাদের কাছ থেকে জেনে নিলে বিভ্রান্তিকর তথ্য যাবে না। আর আমরাও আপনাদের তথ্যের ভিত্তিতে গতিশীলতা আনতে পারব।”
সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম এই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবারেই তাকে মন্ত্রী করে গৃহায়ণ ও গণপূর্তের দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা। পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত রেজাউল করিম আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক।
নতুন মন্ত্রী বলেন, “আমার একটি অভিলাষ সব সময় কাজ করেছে, জননেত্রী শেখ হাসিনা যেটা বলেন, রাজনীতি বিত্ত-বৈভব অর্জনের জন্য নয়, রাজনীতি আত্মোৎসর্গ করার জন্য, রাজনীতি দেশের কল্যাণে মানুষের কল্যাণের জন্য।
“কখনও কখনও অনাকাঙ্ক্ষিত অবস্থায় শোনা যায় রাজনীতি মানে আয়ের একটা উৎস; এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি নীতির রাজাই রাজনীতি। শ্রেষ্ঠ নীতি যে লালন করবে সেটাই রাজনীতি। আমার পাথেয় শেখ হাসিনার কর্মময় জীবন।”
মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারা করেন রেজাউল।
সুনির্দিষ্টভাবে অভিযোগ উত্থাপিত হলে দুর্নীতির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি।
রেজাউল বলেন, “অনাকাঙ্ক্ষিতভাবে হলেও একটি গণঅভিযোগ আছে যে আমরা কেন আরও গতিশীল ও স্বচ্ছতা দেখাতে পারি না, আমি জানি না এর কতটা সঠিক বা সঠিক নয়।
“আমার বিশ্বাস, এ মন্ত্রণালয়ের সকলকে নিয়ে পূর্বের যে গতি ছিল, আগে যে মন্ত্রী ছিলেন, তার ঐতিহ্যের উত্তরাধিকার ধারণ করে তা আরও বৃদ্ধি করার।”
