ঢাকা দক্ষিণে তামাকমুক্ত মডেল ওয়ার্ড গঠনের প্রতিশ্রুতি
তামাক নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট বরাদ্দ ও তামাকমুক্ত মডেল ওয়ার্ড গঠনে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা মোস্তাফিজুর রহমান।
সোমবার নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ সেমিনার কক্ষে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান বক্তা মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্বব্যাপী অকাল মৃত্যু এবং রোগের অন্যতম প্রধান কারণ হল তামাকের ব্যবহার। আর এ কারণে তামাক সেবন থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে হবে। এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।”
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক মো. মোখলেছুর রহমান।
তিনি বলেন, “প্রতিবছর প্রায় দেড় লাখ মানুষ তামাকজনিত রোগে মারা যাচ্ছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে (গ্যাটস) ২০১৭ জরিপ অনুযায়ী বাংলাদেশে কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন শতকরা ৪৩ শতাংশ মানুষ।”
এছাড়াও পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন পাবলিক পরিবহনে ৪৪ শতাংশ, সরকারী প্রতিষ্ঠানে ও ভবনে ২১ দশমিক ৬ শতাংশ এবং রেস্তোরাঁয় ৪৯ দশমিক সাত শতাংশ মানুষ ।
আয়োজক ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে বলা হয়, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়ে সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ২০১৩ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ঢাকা আহ্ছানিয়া মিশন ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের (সিটিএফকে) সহযোগিতায় এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহ্উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগীয় প্রধান, আঞ্চলিক নিবার্হী কর্মকর্তাসহ কাউন্সিলরগণ এবং বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা এই সভায় অংশ নেন।
