২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শিমুল হত্যা: আপিলে মিরুর জামিন বাতিল

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বরখাস্ত মেয়র হালিমুল হক মিরুর জামিন বাতিল করেছে সর্বোচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2019, 06:18 PM

Updated : 18 Aug 2022, 04:39 PM

হাই কোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগমের করা লিভ টু আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেয়। 

ফলে মিরুকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে লিভ টু আপিলের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন  আইনজীবী মো. ফখরুল ইসলাম।

আসামি মিরুর পক্ষে ছিলেন আইনজীবী এএম আমিনউদ্দিন ও আবদুল আলিম জুয়েল।

শিমুলের স্ত্রীর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ হাই কোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন। একই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে সিরাজগঞ্জের বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। যদি কোনো কারণে ওই সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হয়, তখন আসামি জামিন আবেদন করতে পারবেন।

মিরুর জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত বছরের ৪ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ রায় দিয়েছিল।

সে রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম। চেম্বার আদালত আবেদনটি আপিলের নিয়মিত বেঞ্চে পাঠালে গত বছরের ১২ নভেম্বর সেটির শুনানির পর এ আদেশ হয়।

আদেশে সর্বোচ্চ আদালত জামিন স্থগিত করার পাশাপাশি হাই কোর্টের জামিনের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলে।

পরে সাংবাদিক শিমুলের স্ত্রী লিভ টু আপিল করলে সেটির শুনানি নিয়ে রোববার আপিল বিভাগ মিরুকে দেওয়া হাই কোর্টের জামিন বাতিল করল।   

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর আরেক ভাই পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে শটগানের গুলিতে আহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল পরে মারা যান।

এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম মেয়র মিরুসহ ১৮ এবং অজ্ঞাতনামা আরও ২২ জনসহ মোট ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।

এরপর পুলিশ ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। গত ১৩ জুন শাহজাদপুরের আদালত অভিযোগপত্র গ্রহণের পর মিরুকে মেয়র পদে থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন; তাকে দল থেকেও বহিষ্কার করা হয়।

পুরনো খবর:

সাংবাদিক শিমুল হত্যা: আপিলে আটকে গেল মিরুর জামিন