‘আইনের ফাঁক গলে ধর্ষকরা যেন ছাড়া না পায়’
নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারী সেলের সদস্যরা।
শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধন থেকে ধর্ষকদের বিচারের পাশাপাশি সারা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়।
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবির নারী সেলের নেত্রী লক্ষ্মী চক্রবর্তী, সদস্য লুনা নূর, মাকসুদা আক্তার লাইলি প্রমুখ।
সিপিবির নারী সেলের নেত্রী লক্ষ্মী চক্রবর্তী বলেন, “যারা মুক্তিযুদ্ধ দেখেছে তারা জানে এই দেশের নারীদের পাকিস্তানি সেনাবাহিনী কিভাবে নির্মম নির্যাতন করেছিল। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গতকাল এই নারীর যখন একাত্তরের সেই নির্যাতিত নারীদের মতো ক্ষতবিক্ষত শরীর দেখলাম তখন মনে হল, ধিক এই জীবন! ধিক আমি এই রাষ্ট্রের নাগরিক!
“আমরা সেই গ্রামে গিয়ে দেখেছি, গ্রামের নারীরা শঙ্কিত।এই শঙ্কা তাদের কবে শেষ হবে তারা নিজেরাও জানে না।”
ধর্ষকদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, “তাদের ছয়-সাতজনকে ধরা হয়েছে, আবার আইনের নানা ফাঁক ফোকর দিয়ে তাদের ছেড়ে দেবে। এরপর তারা আবার এলাকায় এসে কি তাণ্ডব করবে আমরা বলতে পারছি না।
“আমরা সিপিবির নারী সেলের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, এই বিচারটি যেন বিচারের প্রহসনে না দাঁড়ায়। তাই সঠিক সময়ের মধ্যে সরকারকে বিচার করতে হবে।তা না হলে একটির পর একটি ঘটনা বাড়তেই থাকবে এদেশে।”
তিনি বলেন, “যখন রাষ্ট্র থেকে মদদ দিয়ে ভোট ডাকাতি হচ্ছে, ব্যালট পেপার ছিনতাই করা হচ্ছে, আগের দিন হুমকি দেওয়া হচ্ছে, ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না তখন ওই দলের কর্মী স্বভাবতই ধরে নেবে, এই ধরনের ধর্ষণের কোনো বিচার হবে না। কাজেই পৈশাচিকতার এই চর্চা, ক্ষমতার এই চর্চা সে নির্দ্বিধায় করতে পারে এবং এবং সেটি করেছে।”
‘লোক দেখানো’ বিচার না করে ধর্ষণ ও নির্বাচনী সহিংসতার জন্য আলাদা আলাদা বিচারের দাবি তোলেন লুনা।
তিনি বলেন, “আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে পরিকল্পনার সাথে ছিল তাকেও সর্বশেষ গ্রেপ্তার করা হয়েছে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, শুধু ওই লোক দেখানো গ্রেপ্তারে কাজ হবে না। গ্রেপ্তার করে মিডিয়াকে দিয়ে ব্রেকিং নিউজ করালে হবে না। বিচার করতে হবে।
“ধর্ষণের বিচার করতে হবে এবং নির্বাচনী সহিংসতার বিচার- দুই ধরনের বিচারই করতে হবে। ধর্ষণের দায়ে যে শাস্তি হয় সেই শাস্তি দিতে হবে এবং নাগরিকের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মাকসুদা আক্তার লাইলি বলেন, “প্রতিবার যখন নির্বাচন আসে আমরা নারী সমাজের পক্ষ থেকে আতঙ্কিত হয়ে পড়ি যে, এরপরে কতোজন ধর্ষণের শিকার হবে, কয়টা সংখ্যালঘু পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে, লুটপাট করা হবে। প্রতিবছর এজন্য আমরা মানসিকভাবে উদ্বিগ্ন থাকি।”
তিনি বলেন, “আপনারা জানেন ২০০১ সালে সারা দেশে সংখ্যালঘুদের ওপর কী পরিমাণ খুন, ধর্ষণ আর লুটপাট হয়েছিল। গত নির্বাচনের পরেও এ রকম ঘটনা দেখেছি এবং এ ধরনের পাতানো নির্বাচনের পরে আরও বেশি এরকম ঘটনা ঘটে।সুবর্ণচরের যে ঘটনা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি অনেক ঘটনার একটি নগ্নচিত্র।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নতুন পদ্ধতিতে’ নারীদের ভোট কারচুপি করা হয়েছে অভিযোগ করে সিপিবির এই নেত্রী বলেন, “নারীদের ভোটকেন্দ্র আলাদা করা হয়েছে, সেখানে ভোটারের সিরিয়াল নম্বর দেওয়ার কোনো লোক নাই, কোনো টেবিল নাই, কোনো বুথ নাই। তাদের বলা হয়, আপনাদের ভোটার নম্বর নিয়ে আসেন তারপর ভোট দিতে ঢুকবেন। এরপর নারীরা ভোট না দিয়েই বের হয়ে যান।”
মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নারী নেত্রীরা।
