আগুনে পুড়ল বাড্ডার বাঁশ পট্টি
মধ্যরাতে আগুনে পুড়েছে ঢাকার মেরুল বাড্ডার ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনের বাঁশের আড়ত।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সেখানে আগুন লাগে, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের জোন-৫ এর উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা যায়নি। এ ঘটনায় দগ্ধ বা আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
মধ্যরাতে বাঁশে আগুন লেগে দ্রুত তা বেড়ে যাওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে পাশের একটি ভবনের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস আইভী জানান।
এদিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টারত ফায়ার সার্ভিস কর্মীরা কিছুক্ষণের মধ্যেই পানি স্বল্পতায় পড়েন। পরে হাতির ঝিল থেকে পানি নিয়ে তারা কাজ চালান বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী মাহমুদ জামান অভি জানান।
