২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগে বেঞ্চ পুনর্গঠন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতির সিদ্ধান্তে দুটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 07:54 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

সে সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চে বিচারকাজ চলবে। এছাড়া চেম্বার আদালতের দায়িত্বও পরিবর্তন করেছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার সুপ্রিম কের্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা এ সংক্রান্ত নোটিসও জারি করেছেন; যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।  

সে নোটিসে বলা হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের প্রথম বেঞ্চটি বসবে। তার সঙ্গে থাকবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা, বিচারপতি মো. নূরুজ্জামান।

দ্বিতীয় বেঞ্চটি বসবে বিচারপতি ইমান আলীর নেতৃত্বে। তার সঙ্গে থাকবেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী।

আরেক নোটিসে প্রধান বিচারপতির সিদ্ধান্তে আপিল বিভাগের চেম্বার আদালতে দায়িত্বের পরিবর্তনের কথা জানানো হয়েছে।

সে নেটিসে বলা হয়েছে,‘আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত চেম্বার জজ হিসেবে আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মো. নূরুজ্জামান মহোদয়কে মনোনীত করছেন।’

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে। সে অনুযায়ী আপিল বিভাগের কার্যতালিকা প্রস্তুত করা হচ্ছে।”

আপিল বিভাগে প্রায় ২০ হাজার মামলা বিচারাধীন জানিয়ে এ কর্মকর্তা বলেন, “এক বছরেরও বেশি সময় ধরে আপিল বিভাগে একটি বেঞ্চে বিচারকাজ পরিচালিত হয়ে আসছিল। বিচারকাজ আরও গতীশীল করতে এবং বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

দীর্ঘদিন চার সদস্য নিয়ে বিচার কার্যক্রম চালিয়ে আসা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত বছরের ৮ অক্টোবর নতুন তিনজন বিচারক পায়। তারা হলেন বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।