২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদ আলীকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2019, 01:14 PM

Updated : 08 Apr 2022, 03:39 PM

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে মঙ্গলবার টেলিফোন করেন সুষমা স্বরাজ।

এসময় তিনি বাংলাদেশকে দেওয়া ভারত সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ভবিষ্যতেও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন ভারতের মন্ত্রী। 

বাংলাদেশ-ভারতের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) কো-চেয়ারের দায়িত্বে রয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

টেলিফোন করায় মাহমুদ আলী ভারতীয় মন্ত্রীকে ধ্যনবাদ জানান।

এ সময় তিনি দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ অব্যাহত রাখার ব্যাপারে আশা প্রকাশ করেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে ২ লাখ ৩ হাজার ৮৬৬ ভোট পাওয়া আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ‘অভাবনীয়’ জয়ের পরপরই দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।