নৌকার এজেন্টকে ‘পিটিয়ে’ গ্রেপ্তার বিএনপিকর্মীরা কারাগারে
ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএনপির দুই কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
নির্বাচনের পরদিন সোমবার রিফাত (২০) ও আসিফ (২৩) নামের এই দুই বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে চায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই সুব্রত বিশ্বাস ওই আবেদনে বলেন, আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট শেখ মো. পল্টুকে (৪৭) মেরে ডান হাত ভেঙে দিয়েছেন বিএনপির এই দুই কর্মী।
“নির্বাচনে ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লা বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবী। এ দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।”
শুনানি শেষে ঢাকার একজন মহানগর হাকিম তাদের ওই আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের কর্মকর্তা এসআই লিয়াকত হোসেন জানান।
মো. পল্টুর দায়ের করা মামলায় বলা হয়েছে, গত ৩০ ডিসেম্বর নির্বাচনে যাত্রাবাড়ীর শেখদী আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে নৌকার প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ভোট গণনা শেষে ভোটকেন্দ্র থেকে বাইরে বের হলে সন্ধ্যার সময় ওই দুইজন তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় রড দিয়ে পিটিয়ে তাকে জখম করা হয়।
আসামিরা তার কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা কেড়ে নেওয়ার পাশাপাশি হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি।
