নতুন বইয়ে মাতোয়ারা দেশ
শীতের সকালের মিষ্টি রোদ পড়ে যে কচি মুখগুলো ঝলমল করছিল, নতুন বছরের নতুন বই হাতে পেয়ে সেই মুখেই যেন খুশি আর ধরছিল না।
বরাবরের মতো এবারও ইংরেজি বছরের প্রথমদিনে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র এমনই; সারা দেশ মেতেছে বই উৎসবে।
গত ২৪ ডিসেম্বর নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে নতুন পাঠ্যপুস্তক হাতে শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ায় বড় ভূমিকা পালন করতে হবে।
“২০১০ সাল থেকে প্রতিবছরই সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণের উৎসব করে আসছে। এমন উদ্যোগ পৃথিবীর কোনো দেশেই নেই, সারা পৃথিবী বাংলাদেশের এই কাজে অবাক হচ্ছে।”
নাহিদ বলেন, “আধুনিক ও উন্নতশিক্ষায় শিক্ষিত একটি জাতি গঠনে সরকার এই উদ্যোগ বাস্তবায়ন করছে। আগে বই পুস্তক ও শিক্ষা সরঞ্জামের অভাবে সবাই স্কুলেই যেত না, প্রতিবছরই অনেক শিক্ষার্থী ঝরে পড়ত। এখন সেই ঝরে পড়ার হার নেই বললেই চলে।”
আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
মিরপুর রূপনগরের বার্ডো স্কুল থেকে আসা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মো. ওবায়দুল হকও মন্ত্রীর হাত থেকে ষষ্ঠ শ্রেণির ব্রেইল বই নেয়।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার গুণগত মানকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছাতে হলে নতুন প্রজন্মকে আধুনিক যুগের শিক্ষার সঙ্গে পরিচিত করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই বই প্রণয়ন করছে সরকার। জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতা দিয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলার কাজ করছে।”
বই উৎসবে এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলমগীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা
ঢাবি খেলার মাঠে প্রাথমিকের বই উৎসব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় ‘বই বিতরণ উৎসব ২০১৯’।
উৎসবে ঢাকার রমনা, ধানমণ্ডি, লালবাগ, কোতোয়ালীসহ বিভিন্ন এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই ৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মঙ্গলবার পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অধ্যাপক জাফর ইকবাল। ছবি: আসিফ মাহমুদ অভি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ৷
বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন লেখক-অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, কথা সাহিত্যিক আনিসুল হক, জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ৷
অনুষ্ঠানে ফোনে দেওয়া বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষাক্ষেত্রে সরকারের মনোযোগ সারা পৃথিবীব্যাপী ‘তাক লাগিয়ে দিয়েছে’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মঙ্গলবার বই উৎসবে ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: আসিফ মাহমুদ অভি
ছোটদের প্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবাল স্বভাবসুলভ গল্পের ঢংয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, “আমি তো মাস্টার মানুষ, ছেলে-মেয়েদেরকে দেখলে আমি প্রশ্ন করি ৷তোমাদের একটা প্রশ্ন করব?”
ক্ষুদে শিক্ষার্থীদের কিচিরমিচিরের মধ্যেই তিনি প্রশ্ন করেন, “বলো দেখি, বাংলাদেশ কতগুলি বই সমস্ত ছেলে-মেয়েদেরকে দেবে?”
উত্তর আসে- ৩৩ কোটি ৷
এরপর জাফর ইকবাল বলেন, “এত বই পৃথিবীর কোনো দেশ ছাপায় না ৷ কোনো দেশ ছাপাতে পারবেও না, শুধু বাংলাদেশ পারবে ৷ এত কষ্ট করে এতগুলি বই কেন ছাপায়, বলো? তোমাদের জন্য ৷তোমরা বইটা পড়বে তো? সারা পৃথিবীর কোনো মানুষ এত নতুন বই পায় না ৷বাসায় গিয়ে আজকে রাতেই সবগুলো বই পড়ে ফেলবে, ঠিক আছে?”
নতুন বই নেওয়ার পর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সপ্তম শ্রেণির রাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়ি গিয়েই আজকে একটি বই পড়ে শেষ করে ফেলব।”
বছরের প্রথম দিন মঙ্গলবার স্কুলের নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি: আসিফ মাহমুদ অভি
“আশা করি, তোমরা সবাই পড়াশোনায় মনোনিবেশ করবে, সাথে সাথে খেলাধুলাটাও করতে হবে ৷ দুইটা জিনিসই একসাথে চালাতে হবে এবং সবগুলোতেই ভালো করতে হবে।”
মাদ্রাসা শিক্ষার্থী ফাউজিয়া নওরিন বুশরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন মলাটে নতুন বই আমাদের পড়াশোনার আগ্রহ বাড়াবে। সরকারের কাছে এর জন্য আমি খুবই কৃতজ্ঞ, এসব উদ্যোগের কারণে বাংলাদেশ দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে।”
উৎসব আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ শিক্ষাবর্ষে দেশের ৫০৮টি উপজেলার প্রাথমিক স্তরের ১ লাখ ৩৪ হাজার ১৪৭টি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ২ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার ১৫১ জন শিক্ষার্থীদের হাতে ৩৪ লাখ ২৮ হাজার ১০টি ‘আমার বই’ ও অনুশীলন খাতা এবং ৯ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৮২৪টি বই বিতরণ করা হবে ৷
এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর আওতাভুক্ত প্রাক-প্রাথমিক এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোট ২ লাখ ৭৭ হাজার ৬৮টি পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে ৷
এ বছর চারটি আঞ্চলিক ভাষায় প্রকাশিত হয়েছে বিনামূল্যের বই। পাশাপাশি ষষ্ঠ শ্রেণির সবকটি বইয়ের ব্রেইল সংস্করণ প্রকাশিত হয়েছে। মিরপুর রূপনগরের বার্ডো স্কুল থেকে আসা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মো. ওবায়দুল হক শিক্ষামন্ত্রীর হাত থেকে ব্রেইল বই নেন।
ওবায়দুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর তাদের কয়েকটি বই ব্রেইল আকারে প্রকাশিত হয়েছিল। বাকি বিষয়গুলো তার শিখতেন অডিও শুনে শুনে। তবে সবকটি বই ব্রেইল আকারে পেয়ে খুশি তিনি।
