২০১৮: ফেলে আসা বছরে আলোচিত যত
আরও একটি বছর পেরিয়ে এল বাংলাদেশ; ইতিবাচক ও নেতিবাচক মিলিয়ে ঘটনাবহুল ছিল ফেলে আসা এই বছর।
২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যেমন মানুষকে দিশা দেখিয়েছে, তেমনি শোকে ভাসিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনায় ৩২ বাংলাদেশির প্রাণহানি।
কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজারের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর ঘটনায় মানুষ শিউরে উঠেছিল; আবার উচ্ছ্বাসে ভেসেছে মহাকাশে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের যাত্রায়।
খালেদা জিয়ার কারাগারে যাওয়া, শেখ হাসিনা হত্যাচেষ্টার মামলায় তারেক রহমানের সাজার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছিল সারাবছরই; তা পেরিয়ে বছর শেষ হয়েছে চমক ছিল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অভাবিত বিজয়।
মহাখালী এলাকায় গাড়ির কাগজ দেখছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনত শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি
সড়ক দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে বাংলাদেশে; ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৩ হাজার ৪৬৪টি দুর্ঘটনায় চার হাজার ২৫ জন নিহত হলেও তার একটির প্রতিক্রিয়া অন্যরকম অভিজ্ঞতার সামনে দাঁড় করায় বাংলাদেশকে। ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নৌমন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের এক মন্তব্যে নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমে আসে সারাদেশের শিক্ষার্থীরা। নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে এই স্কুলশিশুরা রাস্তায় ‘পুলিশিংয়ে’ নামে; গাড়ির বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় তাদের কাছে আটকা পড়ে মন্ত্রী, সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ি। এই শিশুদের প্রতি সব মানুষের সমর্থনে পুলিশকে দেখা যায় অসহায় চেহারায়। কয়েকদিনের আন্দোলনে ঢাকার সড়ক অচল হয়ে পড়ে, তার পাল্টায় পরিবহন শ্রমিকরা ডাকে ধর্মঘট। এরমধ্যে বিভিন্নস্থানে শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলার অভিযোগ আসতে থাকে। তার ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও। এই আন্দোলনের মধ্যে গ্রেপ্তার করা হয় আলোকচিত্রী শহীদুল আলমকে, তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলাও হয়। আন্দোলনের মুখে সড়ক পরিবহন আইন অনুমোদনসহ নানা পদক্ষেপ নেয় সরকার। তারপর এক সপ্তাহের আন্দোলন স্তিমিত হয়। এই আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে নিয়েছিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, পুলিশ আশ্বাস দিয়েছিল, তারা এখন সাহসী হবে। কিন্তু শুরুতে কিছু তোড়জোড় দেখা গেলেই আবার পুরনো অবস্থায় ফিরে গেছে সড়ক।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি কয়েক বছর আগে উঠলেও এই বছরই আন্দোলনটি পায় ব্যাপকতা। ফেব্রুয়ারি থেকে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ মানববন্ধনের মতো কিছু কর্মসূচি চালিয়ে গেলেও এপ্রিলে শুরু হয় বিক্ষোভ। তা দমনে পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসও চলে। এক পর্যায়ে ভাংচুর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ি। এর মধ্যেই আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগ। কয়েক দফায় আন্দোলনকারীদের উপর হামলা হয়, পুলিশও গ্রেপ্তার করে কয়েকজন নেতাকে। মুক্তিযোদ্ধা কোটার প্রসঙ্গ ধরে আওয়ামী লীগ নেতারা একে স্বাধীনতাবিরোধীদের মদদপুষ্ট আন্দোলন বলেও চিহ্নিত করার চেষ্টা চালায়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশের প্রায় সব জেলায়। এক পর্যায়ে ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, চাকরিতে আর কোটা থাকবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে থাকলে আবারও ছাত্রলীগের হামলার শিকার হন তারা। ইতোমধ্যে নিরাপদ সড়কের আন্দোলনও শুরু হয়ে যায়। নিরাপদ সড়কের আন্দোলনের পর কোটা সংস্কার আন্দোলনের নেতাদেরও একের পর এক গ্রেপ্তার করা হতে থাকে। সবশেষে ৩ অক্টোবর কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
ছেলের মরদেহ নিয়ে ফিরছেন ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত প্রকৌশলী রকিবুল হাসানের মা।
কোনো একটি বিমান দুর্ঘটনায় ২৭ বাংলাদেশির প্রাণহানি বাংলাদেশ আগে কখনও দেখেনি। এই বছরের ১২ মার্চ বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়ার খবর ঢাকায় পৌঁছানোর পর সবার মাঝে দেখা দেয় উদ্বেগ-উৎকণ্ঠা। ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজটি ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এতে আগুন ধরে গেলে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জন মারা যান। পরে হাসপাতালে মারা যান আরও তিনজন। নিহত ৫২ জনের মধ্যে ২৭ জন ছিলেন বাংলাদেশি। উড়োজাহাজের প্রধান বৈমানিক আবিদ সুলতান, পাইলট পৃথুলা রশিদ ও ক্রু খাজা হোসেনও আছেন নিহতদের মধ্যে। তাদের মরদেহ ১৯ মার্চ যখন এসেছিল ঢাকায়, তখন গোটা দেশের চোখ ছিল আর্মি স্টেডিয়ামে। সেখানেই লাশগুলো স্বজনদের কাছে তুলে দেওয়া হয়। এ দুর্ঘটনার পর নেপাল কর্তৃপক্ষ অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিশন গঠন করে। কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি রানওয়ের একপাশে বিধ্বস্ত হওয়ার আগে পাইলটের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের (এয়ার ট্রাফিক কন্ট্রোল) যোগাযোগ স্বাভাবিক ছিল না।
তারেক রহমান
শেখ হাসিনা ও খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দুই প্রতিপক্ষ শিবিরের নেতা। সেই খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এবার দণ্ডিত হন গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৪ সালের গ্রেনেড হামলার ঘটনাটি অন্যতম কলঙ্কজনক ঘটনা। খালেদা জিয়ার শাসনামলে তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনার সমাবেশে ওই হামলায় ২৩ জন নিহত হন, আহত হন কয়েকশ। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ‘জজ মিয়া’ নাটক সাজিয়ে ওই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার বিষয়টিও আলোচিত। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে শুরু হয়েছিল মামলাটির বিচার, এরপর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে এই মামলায় অভিযুক্ত হন তারেকও। তবে ততদিনে তারেক যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। তারপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এবছরের ১০ অক্টোবর বহুল আলোচিত এই মামলার রায় হয়। রায়ে গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চালানোয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড হয়। তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের সহায়তায়’ ওই হামলা ছিল একটি দলকে ‘নেতৃত্বশূন্য করার ঘৃণ্য অপচেষ্টা’। তবে বিএনপি বরাবরই বলে আসছে, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
হাই কোর্টে মামলার রায়ের দিন কারাবন্দি খালেদা জিয়া ছিলেন বঙ্গবন্ধু মেডিকেলে
ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেনেড হামলার রায়ের আগেই এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে যে কতগুলো দুর্নীতির মামলা হয় তার বিরুদ্ধে, তার প্রথমটির রায় হয় শেখ হাসিনার শাসনামলে গত ৮ ফেব্রুয়ারি। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের সাজা নিয়ে কারাগারে যান খালেদা। তাকে রাখা হয়েছে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পরিত্যক্ত কারাগারে, সেখানে একমাত্র বন্দি হিসেবে থাকছেন তিনি। এক নেত্রীর শাসনামলে আরেক নেত্রীর কারাগারে যাওয়ার ঘটনা এবারই প্রথম দেখল দেশবাসী। আপিল করে জামিন নিয়ে খালেদাকে বের করে নিয়ে আসার আশায় তার দলের নেতারা থাকলেও তা ঘটেনি; উল্টো জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায়ও তার সাজা হয়। পরে এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা আরও বাড়ে। এরপরও জামিনে বের করে তাকে নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আশায় ছিল বিএনপি; কিন্তু তা তো হয়নি, বরং দণ্ড স্থগিত না হওয়ায় ভোট করাও হয়নি তার। এই প্রথম নেত্রীকে বাদ দিয়েই নির্বাচন করতে হল বিএনপিকে।
বিচারপতি এস কে সিনহা, তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে করলেন পদত্যাগ
২০১৭ সালে বাংলাদেশের বিচারাঙ্গনে উত্তাল ছিল প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে; সরকারের সঙ্গে টানাপড়েনে দেশ ছেড়ে যাওয়া বিচারপতি সিনহা তার বই নিয়ে এবারও চলে আসেন আলোচনায়। গত ১৯ সেপ্টেম্বর নিজের লেখা বই প্রকাশ করেন তিনি। বিদেশে বসে লেখা ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামের এই আত্মজৈবনিক বইয়ে দেশত্যাগ ও পদত্যাগ নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বইয়ে তিনি দাবি করেন, তিনি দেশ ছেড়েছিলেন ‘হুমকির মুখে’; একই কারণে বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বাধ্য হয়েছেন। সেই হুমকি সামরিক গোয়েন্দা সংস্থা– ডিজিএফআইয়ের তরফ থেকে এসেছিল বলে দাবি করেন তিনি। সিনহার বইয়ের এসব মন্তব্যের পর তীব্র সমালোচনা আসে সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এসব ‘মনগড়া কথা’। অন্যদিকে বিএনপি নেতারা বলেন, তারা যেসব অভিযোগ করে আসছেন, সিনহার লেখায় তার প্রমাণ মিলল। বই প্রকাশের পর সিনহার দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। তার বিরুদ্ধে মামলা করেন সাবেক মন্ত্রী নাজমুল হুদা। কিন্তু সেগুলো আর গতি পায়নি।
র্যাব গঠনের পর দেড় যুগ ধরে বাংলাদেশে ‘ক্রসফায়ার’ শব্দটি পরিচিত হলেও কক্সবাজারে কমিশনার, যুবলীগ নেতা একরামুল হকের কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু অন্যরকম এক অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দেয় দেশবাসীকে। ২৬ মে রাতে একরামুলের মৃত্যুর পর র্যাবের পক্ষ থেকে বহুল কথিত বন্দুকযুদ্ধের ঘটনা হিসেবে তুলে ধরা হলেও তার পরিবার শেষ কথপোকথনের কয়েকটি অডিও ক্লিপ প্রকাশ করলে গা শিউরে ওঠে সবার, যাতে মেয়ের সঙ্গে তার শেষ কথপোকথনে বাঁচার আকুতি শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ চৈ পড়ে যায়। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীর সমালোচনার মধ্যে আবার পড়তে হয় র্যাবকে। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও তার কোনো অগ্রগতি দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী মাদকবিরোধী অভিযানের মধ্যে একরাম মারা পড়েন। এতে নিহত হন শতাধিক; যাদের অনেকের পরিবারের অভিযোগ, ধরে নিয়ে হত্যা করা হয়েছে তাদের স্বজনকে।
দেশবাসীর উল্লাসের মধ্য দিয়ে লাল-সবুজ পতাকা নিয়ে এই বছরের ১১ মে মহাকাশে যায় প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এর সফল উৎক্ষেপণের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে রওনা হয় মহাকাশের পথে। আধা ঘণ্টায় বঙ্গবন্ধু-১ পৌঁছে যায় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে। ৩৬ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মহাকাশের ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশে নিজস্ব অরবিটাল স্লটে স্থাপন করা হয়েছে এই কৃত্রিম উপগ্রহ। অরবিটাল স্লটে স্যাটেলাইটকে বসিয়ে কাজ শুরু করতে সময় লাগে প্রায় দুই মাস। গাজীপুরের জয়দেবপুর আর রাঙ্গামাটির বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশন থেকেই এর নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেদিন স্পেসএক্সের লাইভ ওয়েবকাস্টের মধ্যেই ধারণ করা এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হলাম। প্রবেশ করলাম নতুন যুগে।” এই যোগাযোগ স্যাটেলাইটের মাধ্যমে মূলত তিন ধরনের সেবা পাওয়া সম্ভব। এগুলো হল- সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন।
হ্যাশট্যাগ মিটু আন্দোলন পশ্চিমা অঙ্গন ছাপিয়ে বাংলাদেশের সাংবাদিক, রাজনীতিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতাদের মনেও কাঁপন ধরিয়েছে এই বছর। গত অক্টোবরের শেষের দিকে ফেইসবুক লাইভে এসে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের হাতে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন প্রবাসী বাংলাদেশি মডেল মাকসুদা আক্তার প্রিয়তি। তার মুখ খোলার পর বহু বছরের পুরোনো অনেক অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হন আরও অনেক বাংলাদেশি নারী। তবে অভিযোগের মুখে পড়া অধিকাংশই ঘটনা অস্বীকার করেন। এরপরের মাসে পাঠক সমাবেশের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম বিজুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন ট্রান্সজেন্ডার শিল্পী তাসনুভা আনান শিশির। সাংবাদিক প্রণব সাহার বিরুদ্ধে আরেক সাংবাদিক সুপ্রীতি ধরের ১১ বছর বয়সী কন্যাকে যৌন হয়রানির অভিযোগ আসে। অভিযোগের সারিতে এসে পড়ে আবৃত্তিশিল্পী মহিদুল ইসলাম’র নামও। জাকিয়া সুলতানা মুক্তা নামের এক নারীর অভিযোগ- ঢাবির টিএসসিতে আবৃত্তি শিখতে এসে একদিন তিনি মহিদুল ইসলামের নিপীড়ন মূলক আচরণের শিকার হন। এর আগে ৮ নভেম্বর জার্নালিজম ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের (জেএটিআরআই) প্রধান জামিল আহমেদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন আসমাউল হুসনা নামের এক নারী। এসব অভিযোগের গ্রহণযোগ্য কোনো বিচার নিষ্পত্তিও হয়নি।অভিযোগকারী অনেক নারী ঘটনার তদন্ত কিংবা বিচার না চেয়ে কেবল ‘প্রকৃত সত্য’ প্রকাশের অভিপ্রায় হিসাবে ফেইসবুকে এধরনের বক্তব্য দিয়েছেন।
বছরের শেষ চমক ছিল একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভাবিত জয়। ভোটের ফলে দেখা যায়, মহাজোট ২৮৮টি আসনে জয় পেয়েছে, তার মধ্যে ২৫৯টি আসন একাই পেয়েছে আওয়ামী লীগ। বিপরীতে ভরাডুবি হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে নির্বাচনে আসা বিএনপির। তারা সবমিলিয়ে পেয়েছে মাত্র ৭টি আসন। তাদের অধিকাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে ভোটের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি করেছে ঐক্যফ্রন্ট। দশম সংসদ নির্বাচন বর্জনের পর এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ অনিশ্চিতই ছিল, তাদের নেত্রীকে মুক্ত না করে ভোটে না যাওয়ার ঘোষণাও ছিল। কিন্তু কামাল হোসেন, আ স ম রব, আবদুল কাদের সিদ্দিকী ও মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে নতুন জোট গড়ে নির্বাচনে গিয়ে ‘ভোট বিপ্লবের’ ডাক দিয়েছিল তারা। কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয়নি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নেতৃত্বহীনতা, প্রার্থীদের নিষ্ক্রিয়তা ও মনোনয়ন বাণিজ্যের কারণে যোগ্যদের বাদ পড়ার কারণে নির্বাচনে ভরাডুবি হয়েছে বিরোধী জোটের। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এ নির্বাচন জাতিকে ভবিষ্যতে ‘সমস্যায় ফেলবে’। এবং এতে এটাই প্রমাণিত হল যে দলীয় সরকারের অধীনে ২০১৪ সালের নির্বাচনে তাদের অংশগ্রহণ না করাটাও ঠিকই ছিল।
