২০১৮: যাদের হারিয়েছে দেশ
রাজনীতি, চলচ্চিত্র, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অনেককে ২০১৮ সালে হারিয়েছে বাংলাদেশ।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সামনের দিনেও যাদের স্মরণ করবে বাংলাদেশ- এমন কয়েকজনের কথা তুলে ধরা হল বছরের শুরু থেকে শেষের ক্রমে।
বছরের শুরুতে ৫ জানুয়ারি মারা যান সাবেক সচিব ও তত্ত্বাবধায় সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব থাকা অবস্থায় ২০০৩ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান ধীরাজ কুমার নাথ। ২০০৬ সালের অক্টোবর মাসে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন তিনি।
১৯৪৫ সালের ৯ জানুয়ারি নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করা ধীরাজ ১৯৬৯ সালে পুর্ব পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।
স্বাধীনতার পর ১৯৭২ সালে বৈদেশিক বাণিজ্য বিভাগে সেকশন অফিসার হিসেবে নিয়োজিত হন ধীরাজ। গাজীপুরের প্রথম মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা এই সরকারি কর্মকর্তা জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বিভাগের উপসচিব (সমন্বয়) এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক পদেও দায়িত্ব পালন করেন।
ধীরাজ কুমার নাথ সম্পাদিত ১২টি বই রয়েছে, যার মধ্যে ভ্রমণকাহিনি, প্রবন্ধ সংগ্রহ, উপন্যাস রয়েছে।
ঢাকাই সিনেমার অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আখতার মারা যান ৬ জানুয়ারি। ক্যান্সারের সঙ্গে পাঁচ বছর লড়াই করে ৬২ বছর বয়সে হার মানেন এই কণ্ঠশিল্পী।
১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করা শাম্মী আখতার সত্তরের দশকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত সংগীত পরিবেশন শুরু করেন।
আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। চলচ্চিত্রে গান গেয়েই তিনি জনপ্রিয়তা পান।
শাম্মী আখতার প্রায় ৪০০ সিনেমায় প্লেব্যাক করেছেন। তার গাওয়া গানের দুটি অ্যালবামও প্রকাশিত হয়েছে।
‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাম্মী আক্তার।
ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানি স্বৈরাচারবিরোধী সংগ্রামের যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ নবী মারা যান ১৪ জানুয়ারি।
মোহাম্মদ নবীর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
তিনি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান।
কথাসাহিত্যিক শওকত আলী
দীর্ঘ রোগভোগের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কথাসাহিত্যিক শওকত আলী মারা যান ২৫ জানুয়ারি।
১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার থানা শহর রায়গঞ্জে জন্ম নেন শওকত আলী।
ছাত্রজীবনে বাম রাজনীতিতে জড়ানো শওকত আলী রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে বন্দি করে জেলে পাঠায় পাকিস্তানের সামরিক জান্তা।
পরে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পরে শিক্ষকতা শুরু করেন তিনি। বামপন্থিদের ‘নতুন সাহিত্য’ পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করতেন। দৈনিক মিল্লাত, মাসিক সমকাল, ইত্তেফাকে তার অনেক গল্প, কবিতা ও শিশুতোষ লেখা প্রকাশিত হয়েছে।
শওকত আলী তার ‘ওয়ারিশ’ উপন্যাসে ব্রিটিশ শাসনামল, দেশভাগ আর হিন্দু-মুসলিম দাঙ্গার মর্মন্তুদ ছবি এঁকেছেন। ‘প্রদোষে প্রাকৃতজন’-উপন্যাসে তিনি নিম্নবর্গের মানুষের বঞ্চনার কথা তুলে এনেছেন। পাশাপাশি ফুটিয়ে তুলেছেন শোষকের করাল গ্রাসের বিপরীতে অচ্ছুৎ সম্প্রদায়ের বিপ্লব-বিদ্রোহের চিত্র।
‘দক্ষিণায়নের দিন’, ‘কুলায় কালস্রোত’ এবং ‘পূর্বরাত্রি পূর্বদিন’ উপন্যাসত্রয়ীর জন্য শওকত আলী ‘ফিলিপস সাহিত্য পুরস্কার’ পান। কথাসাহিত্যে অবদানের জন্য ১৯৯০ সালে পান একুশে পদক।
রংপুরের সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু মারা যান ২৫ ফেব্রুয়ারি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ২৬ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে তিনি হার মানেন।
রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ঝন্টুর বয়স হয়েছিল ৬৬ বছর।
২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সরফুদ্দীন আহমেদ ঝন্টু।
২০১৭ সালে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়লেও জাতীয় পার্টির প্রার্থীর কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
রংপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং রংপুর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ঝন্টু রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।
বিজ্ঞানী রফিকুল ইসলাম
ওরস্যালাইনের উদ্ভাবক রফিকুল ইসলাম মারা যান ৫ মার্চ। তার বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।
১৯৩৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে রফিকুল ইসলামের জন্ম। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৬০ সালে তিনি তৎকালীন আইসিডিডিআর-এ যোগ দেন। ২০০০ সালে অবসরে যান।
আইসিডিডিআর-বি তে থাকার দিনগুলোতে বেশ কিছু গবেষণায় তিনি যুক্ত ছিলেন, যার মধ্যে ওরস্যালাইন অন্যতম।
১৯৭১ সালে ভারতের পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক বাংলাদেশি শরণার্থী কলেরা রোগে আক্রান্ত হন। তাদের বাঁচাতে ওরস্যালাইন ব্যবহার করে তিনি সাফল্য পান। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তার উদ্ধাবনকে স্বীকৃতি দেয়।
১৯৮০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ডা. রফিকুল ইসলামের ওরস্যালাইনকে স্বীকৃতি দেয়। দেশি এনজিও ব্র্যাক পরে ওরস্যালাইনকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়।
ডায়রিয়ার হাত থেকে বিশ্বজুড়ে লাখ লাখ শিশুর জীবন বাঁচানোর কৃতিত্ব দেওয়া হয় খাবার স্যালাইনকে (ওআরএস)।
ছবি: আব্দুল মান্নান
৬ মার্চ বাংলাদেশ হারায় রণাঙ্গনের বীর মাতা ফেরদৌসী প্রিয়ভাষিণীকে। কিডনি ও হৃদরোগের জটিলতা নিয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারে ভূষিত এই মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৭১ বছর।
১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্ম। তার নানা অ্যাডভোকেট আব্দুল হাকিম ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সরকারের সময় স্পিকার হয়েছিলেন।
১৯৭১ সালে যুদ্ধের ডামাডোলের মধ্যে সন্তানদের নিয়ে শুরু হয় তরুণ প্রিয়ভাষিণীর অন্য এক লড়াই। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হতে হয় এই বীর নারীকে।
১৯৭৭ সাল থেকে দুই দশকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার পর এক সময় তিনি মন দেন শিল্পের সাধনায়। ঝরা পাতা, শুকনো ডাল, গাছের গুঁড়ি দিয়ে তার তৈরি গৃহসজ্জার উপকরণ ও শিল্পকর্ম তাকে ধীরে ধীরে করে তোলে ভাস্কর।
স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। তার আগে ২০১০ সালে তিনি পান স্বাধীনতা পুরস্কার।
২০১৪ সালে একুশের বইমেলায় ফেরদৌসী প্রিয়ভাষিণীর আত্মজৈবনিক গ্রন্থ ‘নিন্দিত নন্দন’ প্রকাশিত হয়।
এ বছর ২২ মার্চ বাংলাদেশ হারায় রণাঙ্গনের আরেক বীর সৈনিক বীরপ্রতীক নুরজাহান কাকন বিবিকে।
হৃদরোগে আক্রান্ত শতবর্ষী কাকন বিবি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৯১৫ সালে মেঘালয়ের নেত্রাই হাসিয়া পল্লীতে জন্মগ্রহণ করা কাকন বিবিকে মুক্তিযুদ্ধের সময় ধরে নিয়ে গিয়ে বাঙ্কারে আটকে দিনের পর দিন নির্যাতন চালায় পাকিস্তানি সেনারা।
ছাড়া পেয়ে অস্ত্র চালনার প্রশিক্ষণ নেন কাকন বিবি।পরে সশস্ত্র যুদ্ধে যোগ দেন। টেংরাটিলা, আমবাড়ি, বাংলাবাজার, টেবলাই, বালিউরা, মহব্বতপুর, বেতুরা, দূরবীণটিলা, আধারটিলাসহ নয়টি সম্মুখ যুদ্ধে অংশ নেন কাকন বিবি।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৯৬ সালে তাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করে বাংলাদেশ সরকার।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল মারা যান সাবেক ফার্স্ট লেডি আনোয়ারা বেগম। তিনি সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার সাবেক অধ্যাপক এবং বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের ভিসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন।
চলতি বছর ২৪ এপ্রিল বাংলার সাহিত্যাঙ্গন হারায় কবি বেলাল চৌধুরীকে।
কিডনি জটিলতা, রক্তশূন্যতা ও থাইরয়েডের সমস্যা নিয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু বাঁচানো যায়নি ৮০ বছর বয়সী বেলাল চৌধুরীকে।
একাধারে কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক বেলাল চৌধুরীর জন্ম ১৯৩৮ সালে ১২ নভেম্বর, ফেনীতে। নয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ছাত্র অবস্থায় বেলাল জড়িয়ে পড়েন বাম ধারার রাজনীতিতে, ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দিয়ে কারাগারেও যান।
ষাট ও সত্তরের দশকে কয়েক বছর কলকাতায় বসবাসের সময় সাহিত্য পত্রিকা কৃত্তিবাস সম্পাদনায় যুক্ত হন তিনি। কলকাতা থেকে ১৯৭৪ সালে দেশে ফিরে বেলাল চৌধুরী যোগ দেন প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে। সে সময়ে জাতীয় কবিতা পরিষদ ও পদাবলী কবিতা সংগঠন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক পান কবি বেলাল চৌধুরী। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, নীহাররঞ্জন স্বর্ণপদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি।
সাবেক তথ্যমন্ত্রী বিএনপি নেতা এম শামসুল ইসলাম ২৬ এপ্রিল ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান।
শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলাম আশির দশকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। মুন্সিগঞ্জ-৩ আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য হন।
১৯৯১-১৯৯৬ মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারে বাণিজ্য, টেলি যোগাযোগ ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পান এম শামসুল ইসলাম। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে প্রথমে ভূমি ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির এই সাবেক সদস্যের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরের তিনসুড়িতে।
গত ৯ এপ্রিল বাংলাদেশ হারায় বাঙালির ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলনে সামনের সারিতে থাকা অধ্যাপক মোস্তাফা নূর উল ইসলামকে।
শিক্ষাবিদ অধ্যাপক মুস্তাফা নুরউল ইসলামের জন্ম ১৯২৭ সালে ১ মে, বগুড়ায় । তার বয়স হয়েছিল ৯২ বছর।
ছাত্র বয়স থেকেই দিনাজপুর-রংপুর অঞ্চলের তেভাগা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি । পরে যুক্ত হন ভাষা আন্দোলনে। ষাটের দশকের আইয়ুববিরোধী আন্দোলনের পর ৬১ তে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদযাপনে তিনি পালন করেন অগ্রণী ভূমিকা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, মুস্তাফা নুরউল ইসলাম তখন লন্ডনে পিএইচডি গবেষণা করছিলেন। প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে জনমত গঠনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
মুস্তাফা নূরউল ইসলামের কর্মজীবন শুরু সাংবাদিকতা দিয়ে, ১৯৫৩ সালের ডিসেম্বর মাসে করাচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা শুরু করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি।
শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করা মুস্তাফা নূর উল ইসলাম জাতীয় জাদুঘর, নজরুল ইনস্টিটিউটেও নীতিনির্ধারণী পর্ষদের সদস্য হিসেবে কাজ করেছেন।
জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের প্রবন্ধ-সঙ্কলন ও গবেষণা গ্রন্থের সংখ্যা ৩০টির বেশি। ‘সুন্দরম’ নামে একটি ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করেছেন তিনি।
গত ২২ মে অকালেই চলে গেলেন অভিনেত্রী-উপস্থাপক তাজিন আহমেদ।
হার্ট অ্যাটাক হলে তাকে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল; কিন্তু চিকিৎসকরা চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেননি।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে টিভি অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়া তাজিন পরে উপস্থাপক হিসেবে সুনাম কুড়ান। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
তাজিনের জন্ম ১৯৭৩ সালে। পৈত্রিক বাড়ি নোয়াখালীতে হলেও তার বেড়ে ওঠা পাবনায় নানা বাড়িতে। মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। মায়ের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ তাজিনের। শুরুতে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তাতিনি।
অভিনয়ের পাশাপাশি টেলিভিশন টক শো এবং বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতেন তাজিন। স্কুল শিশুদের নিয়ে তার উপস্থাপিত ‘টিফিনের ফাঁকে’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পায়।
গত কয়েক বছর ধরে নাট্যাঙ্গন এবং পরিবার থেকে দূরে সরে ছিলেন তাজিন। সহকর্মীদের ধারণা, নিঃসঙ্গ বিষাদময় জীবনই হয়ত তাজিনের অকালে চলে যাওয়ার কারণ।
সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ রহমান মারা যান গত ১৪ মে। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
অর্ধ শতকের বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত ছিলেন শুভ রহমান। তার জন্ম ১৯৪০ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চিনসুরা গ্রামে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষে ১৯৬৩ সালে তিনি ‘দৈনিক খবরের কাগজ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। পরে বিভিন্ন সময়ে দৈনিক গণবাংলা, দৈনিক ইত্তেফাকে, দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ ও সবশেষে তিনি কালের কণ্ঠে সাংবাদিকতা করেন।
মুক্তিযুদ্ধের সময় আগরতলায় অবস্থান করছিলেন শুভ। সেখানে জাতীয় মুক্তিসংগ্রামে সক্রিয়ভাবে কাজ করেন।
শুভ রহমান জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। নিয়মিত কলাম লেখার পাশাপাশি কবিতাও লিখতেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম মারা যান ২৭ মে। রাজধানীর ধানমণ্ডির সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওয়াহিদুল আলমের বয়স হয়েছিল ৭৩।
ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত সৈয়দ ওয়াদিদুল আলম হাটহাজারী উপজেলার চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ সাল থেকে তিন বার তিনি বিএনপির টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে পান জাতীয় সংসদের হুইপের দায়িত্ব।
২০০৮-০৯ মেয়াদে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করা ওয়াহিদুল আলম দলের গত কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।
ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক হালিমা খাতুনকে বাংলাদেশ হারায় গত ৩ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের বয়স হয়েছিল ৮৬ বছর।
হালিমা খাতুন ১৯৩৩ সালের ২৫ শে অগাস্ট বাগেরহাট জেলার বাদেকাড়াপাড়া গ্রামে জন্ম নেন। তার বাবা মৌলবী আবদুর রহিম শেখ এবং মা দৌলতুন নেসা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হালিমা খাতুন জড়িয়ে পড়েছিলেন ছাত্র রাজনীতিতে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে তিনিও রাষ্ট্রভাষার দাবিতে মিছিলে যোগ দেন।
পরে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে গড়ে উঠা আন্দোলনে নারীদের সংগঠিত করার দায়িত্বও কাঁধে তুলে নেন তিনি। ভাষা আন্দোলনে তার সেই অবদানের জন্য শিল্পকলা একাডেমি তাকে ‘ভাষা সৈনিক’ সম্মাননা দেয়।
২০১৬ সালে মুক্তি পাওয়া ‘গ্রাস’ চলচ্চিত্রে রাণী সরকার
ষাট ও সত্তরের দশকে ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাণী সরকার মারা যান ৭ জুলাই।
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে জন্ম নেওয়া রাণী সরকারের অভিনয় জীবনের শুরু ১৯৫৮ সালে ‘বঙ্গের বর্গী’ মঞ্চনাটকের মাধ্যমে ।
ওই বছরই তার চলচ্চিত্রে অভিষেক হয় এ জে কারদার পরিচালিত ‘দূর হ্যায় সুখ কা গাঁও’ সিনেমার মাধ্যমে। এরপর ১৯৬২ সালে চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘চান্দা’তে অভিনয় করেন ।
সেই ছায়াছবির পর থেকে তার পিতৃপ্রদত্ত নাম মেরীর বদলে নতুন নাম হয় রানী সরকার। ‘চান্দা’ চলচ্চিত্রের সাফল্যের পর উর্দু ছায়াছবি‘ তালাশ’ ও বাংলা ছায়াছবি ‘নতুন সুর’- এ কেন্দ্রীয় নারী চরিত্রে তিনি অভিনয় করেন।
দীর্ঘ অভিনয় জীবনে ২৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন রাণী সরকার। চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়।
মন্ত্রী কল্পরঞ্জন চাকমা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী আওয়ামী লীগ নেতা কল্পরঞ্জন চাকমা ২৫ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টানা দুই বারের নির্বাচিত সংসদ সদস্য কল্পরঞ্জনের বয়স হয়েছিল ১০০ বছর।
১৯৯৮ সালের ৬ মে স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন সংসদে পাস হওয়ার পর ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান কল্পরঞ্জন চাকমা।
এস এম মোস্তফা রশিদী সুজা
খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা মারা যান ২৭ জুলাই।
তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
খুলনার রূপসা-তেরখাদা-দিঘলিয়ার মানুষের প্রতিনিধি হিসেবে তিনবার সংসদে দায়িত্ব পালন করা মোস্তফা রশিদী সুজা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সুজা খুলনা-৪ আসন থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন ১৯৯১ সালে। ১৯৯৬ সালে একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান।সর্বশেষ ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে যান।
খুলনার এই আওয়ামী লীগ নেতার রাজনৈতিক জীবনের শুরু বাম সংগঠন ছাত্র ইউনিয়নের মাধ্যমে। খুলনা পৌরসভার কাউন্সিলর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
তাজুল ইসলাম চৌধুরী
জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী ১৩ অগাস্ট মারা যান।
৭৩ বছর বয়সী এই সাংসদ ডায়াবেটিস ও কিডনি জটিলতায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য হন। এরপর সংসদে গেছেন আরও ছয় বার। এরশাদ সরকারের মন্ত্রিসভাতেও তিনি দায়িত্ব পালন করেন।
২০১৪ সালের নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যানও ছিলেন তাজুল ইসলাম চৌধুরী।
দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার ১৩ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৭৫ বছর বয়সী এই সাংবাদিকের।
একুশে পদকজয়ী গোলাম সারওয়ার দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক ছিলেন। এরপর দৈনিক যুগান্তরের মাধ্যমে সম্পাদক হিসেবে নাম লেখান তিনি।
১৯৪৩ সালের ১ এপ্রিল বরিশালের বানারীপাড়ায় জন্ম নেওয়া গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তার সাংবাদিকতা শুরু হয় ১৯৬২ সালে। পরে ওই বছরই দৈনিক সংবাদে সহসম্পাদক হিসেবে যোগ দেন।
একাত্তরে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পর বানারীপাড়ায় ফিরে কয়েক মাস বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন গোলাম সারওয়ার।
১৯৭৩ সালে তিনি যোগ দেন দৈনিক ইত্তেফাকে; ব্যবসা সফল এই সংবাদপত্রের বার্তা সম্পাদক হওয়ার পর একাধারে ২৭ বছর সেই পদে ছিলেন তিনি। পাশাপাশি ইত্তেফাক গ্রুপের সিনে ম্যাগাজিন পূর্বাণীর নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন।
১৯৯৯ সালে যুগান্তরের সম্পাদক হিসেবে নতুন অধ্যায় শুরু করেন গোলাম সারওয়ার। ২০০৫ সালে সমকাল প্রকাশিত হয় তার হাত ধরে। মাঝে কিছু দিনের জন্য যুগান্তরে ফিরলেও পরে আবার ফিরে যান সমকালে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার ২০১৪ সালে একুশে পদকে ভূষিত হন।
২০১৩ সালের ২৭ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছিল বীরাঙ্গনা রমা চৌধুরীর (ফাইল ছবি)
একাত্তরের বীর মাতা রমা চৌধুরীকে বাংলাদেশ হারায় গত ৯ সেপ্টেম্বর।
রমা চৌধুরীর বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিলতা নিয়ে তিনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা রমা ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতাকে।
মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৩ মে তিন শিশু সন্তান নিয়ে বোয়ালখালীর পোপাদিয়ার গ্রামের বাড়িতেই ছিলেন রমা চৌধুরী। তার স্বামী চলে গেয়েছিলেন ভারতে।
এলাকার রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী রমা চৌধুরীর বাড়িতে হানা দেয়, ধর্ষণের পর তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ওই ঘটনার দুই বছরের মধ্যে মারা যান রমা চৌধুরীর দুই সন্তান সাগর (৫) ও টগর (৩)। তার আরেক সন্তান মারা যায় সড়ক দুর্ঘটনায়।
রমা চৌধুরী ’৭১ এর জননী’, ‘এক হাজার এক দিন যাপনের পদ্য’, ‘ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ’সহ ১৯টি বই লিখে গেছেন। চট্টগ্রাম নগরীতে খালি পায়ে বিচরণ করতেন এই বীরাঙ্গনা। নিজের লেখা বই নিজেই বিক্রি করতেন। বই বিক্রি করে একটি অনাথ আশ্রম গড়ার স্বপ্ন ছিল তার।
ছবি: আরিফ আহমেদ
জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু মারা যান ১৮ অক্টোবর। ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও গায়ক আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী।
চার দশক বাংলাদেশের তরুণদের গিটারের মূর্ছনায় মাতিয়ে রাখা এই রকস্টারের বয়স হয়েছিল ৫৬ বছর। গিটার বাদনে তার খ্যাতি ছিল পুরো ভারতীয় উপমহাদেশে।
আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘ফেরারী এই মনটা আমার’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘একদিন ঘুমভাঙা শহরে’, ‘চল বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘রুপালি গিটার’, ‘হাসতে দেখ গাইতে দেখ’র মত বহু গান শ্রোতাদের হৃদয়ে বাজবে বহুদিন।
আইয়ুব বাচ্চুর ডাক নাম রবিন। জন্ম ১৯৬২ সালের ১৬ আগস্ট, চট্টগ্রামে। সেখানেই কেটেছে কৈশোর আর তারুণ্যের দিনগুলো।
পেশাদার ব্যান্ডশিল্পী হিসেবে বচ্চুর ক্যারিয়ার শুরু ১৯৭৮ সালে। ব্যান্ড দলে ‘ফিলিংস’-এর সঙ্গে সে সময় চট্টগ্রামের বিভিন্ন অভিজাত হোটেলে পারফর্ম করতেন তিনি। দুই বছরের মাথায় যোগ দেন জনপ্রিয় ব্যান্ড দল সোলসে।
টানা দশ বছর সোলসের লিড গিটার বাজানোর পর ১৯৯১ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চু গড়ে তোলেন নতুন ব্যান্ড এলআরবি। শুরুতে এলআরবির পুরো নামটি ছিল ‘লিটল রিভার ব্যান্ড, পরে তা বদলে নাম হয় ‘লাভ রানস ব্লাইন্ড’।
আইয়ুব বাচ্চুর অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘রক্ত গোলাপ, ‘ময়না‘,‘ কষ্ট’, ‘সময়, ‘জীবন’, ‘রিমঝিম বৃষ্টি’, ‘বলিনি কখনো’। ২০১৫ বাজারে আসে তার একক অ্যালবাম ‘জীবনের গল্প ’। লাল বাদশা, গুণ্ডা নাম্বার ওয়ান, ব্যাচেলর ও চোরাবালি সিনেমায় প্লেব্যাক করেছেন বাচ্চু।
তরিকুল ইসলাম (ফাইল ছবি)
বিএনপি নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম মারা যান ৪ নভেম্বর। ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিলে ৭২ বছর।
১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোরে জন্ম নেওয়া তরিকুল ছাত্রজীবনে বাম রাজনীতিতে যুক্ত ছিলেন। স্বাধীনতার পর মওলানা ভাসানীর দলে যোগ দেওয়ার পর ১৯৭৮ সালে জিয়াউর রহমানের ডাকে তিনি বিএনপিতে যান।
যশোর থেকে চার বার নির্বাচনে জিতে সংসদে যাওয়া তরিকুল চারদলীয় জোট সরকারের তথ্যমন্ত্রী এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে তিনি প্রথমে সমাজকল্যাণ এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি মৃত্যু পর্যন্ত।
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনই চিরবিদায় নেন একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবি। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট আর ডায়েবেটিসে ভুগছিলেন তিনি।
একাত্তরে কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নম্বর সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারামন বিবি। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানিদের খবর সংগ্রহের পাশাপাশি অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধেও তিনি অংশ নেন।
মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে তারামনকে বীর প্রতীক খেতাব দেয়।
১৯৯৫ সালে ময়মনসিংহের একজন গবেষক প্রথম তাকে খুঁজে বের করেন। নারী সংগঠনগুলো তাকে ঢাকায় নিয়ে আসে। ওই বছর ১৯ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে তারামন বিবির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
রাজধানীর পান্থপথের এক আবাসিক হোটেল থেকে ১ ডিসেম্বর খ্যাতিমান আলোকচিত্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স হয়েছিল ৭০ বছর।
সূর্যদিঘল বাড়ী, এমিলির গোয়েন্দা বাহিনী, লালসালু ও অন্যজীবন সিনেমার চিত্রগ্রাহক আনোয়ার হোসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। বলা হয়, বাংলাদেশের আলোকচিত্রীদের পুরো একটি প্রজন্মকে নতুন পথের দিশা দিয়েছে তার কাজ।
দুই যুগের বেশি সময় ফ্রান্সে বসবাসকারী আনোয়ার হোসেন সে দেশের পাসপোর্ট নিলেও বছর দুই আগে দেশে ফিরে শরীয়তপুরে থাকতে শুরু করেন। একটি অনুষ্ঠানে যোগ দিতে গত ২৮ নভেম্বর ঢাকায় এসে হোটেল ওলিওতে উঠেছিলেন তিনি। ধারণা করা হয়, ঘুমের ভেতরে তার হার্ট অ্যাটাক হয়েছিল।
১৯৪৮ সালের ৬ অক্টোবর পুরান ঢাকার আগানবাব দেউড়িতে আনোয়ার হোসেনের জন্ম। কলেজে উঠে স্কলারশিপের টাকা দিয়ে ৩০ টাকায় এক বন্ধুর কাছ থেকে আগফা ক্যামেরা কিনে ছবি তোলা শুরু করেন আনোয়ার।
১৯৭৪ সালে স্কলারশিপ নিয়ে সিনেমাটোগ্রাফির ওপর ডিপ্লোমা করতে যান ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটে। সেখানে বিখ্যাত জাপানি নির্মাতা আকিরা কুরোসাওয়ার সঙ্গে তার আলাপ হয়। পুনে থেকে ফিরে মসিউদ্দিন শাকেরের 'সূর্য দীঘল বাড়ী' আর বাদল রহমানের 'এমিলের গোয়েন্দা বাহিনী' চলচ্চিত্রে কাজ শুরু করেন।
মুক্তিযুদ্ধের সময় জাপানের আশাহি পেইন্টিং প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম আন্তর্জাতিক পুরস্কার পাওয়া আনোয়ার হোসেন ১৯৭৮ সালে কানাডায় কমনওলেথ আলোকচিত্র প্রতিযোগিতায় ছয়টি মেডেল জয় করেন। এরপর চার দশকে ৬০টির মত আন্তর্জাতিক পুরস্কার জমে এই আলোকচিত্রীর ঝুলিতে।
বছরের শেষভাগে ১৫ ডিসেম্বর চির বিদায় নেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৯৪২ সালের ১৪ অগাস্ট জামালপুরে জন্ম নেওয়া আমজাদ হোসেন চিত্র পরিচালনার বাইরে লেখক, গীতিকার, অভিনেতা হিসেবেও পরিচিত।
‘হারানো দিন’-চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৬১ সালে রুপালি পর্দায় তার আগমন। পরে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় তিনি বেশি সময় দেন।
১৯৬৭ সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘খেলা’। সাড়া জাগানো চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’র চিত্রনাট্য লেখায় জহির রায়হানের সঙ্গে আমজাদ হোসেনও ছিলেন।
তার ‘নয়নমনি, ‘ভাত দে’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘কসাই-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রও দর্শক ও বোদ্ধামহলের প্রশংসা পায়। তার লেখা ও নির্মিত টিভি নাটকও ছিল জনপ্রিয়।
গান লেখায়, চিত্রনাট্যে ও পরিচালনায় চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এছাড়া সরকার তাকে একুশে পদকেও ভূষিত করে।
‘আধিয়ার’ চলচ্চিত্রের নির্মাতা সাইদুল আনাম টুটুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ১৮ ডিসেম্বর। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
চলচ্চিত্র সম্পাদনার জন্য ১৯৭৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া টুটুল ‘কালবেলা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দিয়েছিলেন। সেই কাজ তিনি শেষ করে যেতে পারেননি।
সাইদুল আনাম টুটুলের জন্ম ১৯৫০ সালের ১ এপ্রিল পুরান ঢাকায়। ঢাকা কলেজে পড়ার সময় তিনি চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত হন।
১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনিও তাতে যোগ দেন। ৬ নম্বর সেক্টরের আওতায় খুলনা অঞ্চলে সম্মুখ সমরে অংশ নেন।
মুক্তিযুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন টুটুল; কিন্তু তার ঝোঁক ছিল চলচ্চিত্রেই। ১৯৭৪ সালে ভারতের আইসিসিআর বৃত্তি নিয়ে পড়তে যান পুনের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে।
১৯৭৮ সালে দেশে ফিরে পরের বছর ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান টুটুল।
‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো চলচ্চিত্র সম্পাদনাও করেন তিনি। গড়ে তোলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আকর’। সরকারি অনুদানে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম চলচ্চিত্র ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে।
টুটুল টেলিভিশনের জন্যও গুরুত্বপূর্ণ অনেক নাটক তৈরি করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল নাল পিরান, বখাটে, সেকু সেকান্দর, ৫২ গলির এক গলি, আপন পর, গোবর চোর, হেলিকপ্টার, নিশিকাব্য, অপরাজিতা।
