ভোট ঘিরে উসকানিমূলক ভিডিও, আটক ৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গুজব ও উসকানিমূলক ভিডিও’ ছড়ানোর অভিযোগে শিবিরের সাংস্কৃতিক সংগঠনের তিন কর্মীসহ আটজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাতে ঢাকার মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান।
আটকরা হলেন- মাহমুদুল হাসান (২৭), আব্দুল্লাহ আল নোমান (২৬), আব্দুল কাদের (২৮), মোরশেদুল ইসলাম (২২), সাইফুল ইসলাম মিঠু (২৯), দিদারুল ইসলাম (৩৫), আরিফুর রহমান (৩৪) ও মোতাহের হোসেন (২১)।
শনিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, “এদের মধ্যে তিনজন শিবিরের সাইমুম শিল্পীগোষ্ঠীর। মাহমুদুল হাসান ওই শিল্পীগোষ্ঠীর পরিচালক।”
নির্বাচন ঘিরে গুজব রটানোর অভিযোগে এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
