২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতুয়াইলে জীবন্ত দগ্ধ দুই ভাই

ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি বসতঘরে আগুন লেগে দুই ভাই জীবন্ত দগ্ধ হয়েছে, পোড়া শরীর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাদের বাবা।    

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 10:46 AM

Updated : 19 Aug 2022, 03:06 PM

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে মাতুয়াইল উত্তর পাড়ায় ওই কাঁচা বসত ঘরে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান।

তিনি বলেন, “মশার কয়েল থেকে ওই ঘরে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে ভোর পৌনে ৪টার দিকে আগুন নেভায়।”

পরে পোড়া ঘর থেকে দুই ভাই পলাশ (১২) ও তুষারের (৭) লাশ উদ্ধার করা হয়। তাদের বাবা ইকবাল হোসেনকে (৫৫) পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, ইকবালের শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তবে মুখমণ্ডল ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থাও ভালো নয়।