২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার খিলক্ষেতে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

ঢাকার খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2018, 11:01 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

খিলক্ষেত থানা এলাকায় মঙ্গলবার দুপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাকিবুল রহমান (৩৮) নামে ওই ব্যক্তি নিহত হন বলে পুলিশ জানিয়েছে।

মোটর সাইকেলটির চালক আওলাদ (৩৫) আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি  বাড়ি ফিরে গেছেন। 

স্বজনদের বরাত দিয়ে খিলক্ষেত থানার এএসআই মনতোষ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাকিবুল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ফোন-ফ্যাক্সের দোকান চালাতেন, তার বাসাও সেখানে।

দুপুরে রূপগঞ্জ থেকে মোটর সাইকেলে আওলাদের সঙ্গে ৩০০ ফুট সড়ক দিয়ে মিরপুর যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন রাকিবুল।

এএসআই মনতোষ বলেন, “বোয়ালিয়া ব্রীজের কাছে তাদের মোটর সাইকেলটিকে একটি কভার্ড ভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে পেছনে থাকা রাকিবুল পড়ে যান। পরে কভার্ডভ্যান তার শরীরের উপর দিয়ে চলে যায়।”

দুর্ঘটনার পরপরই পুলিশ দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে রাকিবুলের মৃত্যু ঘটে।