ভোট পর্যবেক্ষক: যুক্তরাষ্ট্রের বিবৃতিতে প্রতিক্রিয়া বাংলাদেশের
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষক দলের ভিসা না পাওয়ার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের বিবৃতিতে ‘মর্মাহত’ হয়েছে বাংলাদেশ।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক দেশ হিসেবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ তার বন্ধু ও সহযোগীদের কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে গঠনমূলক বক্তব্য স্বাগত জানায়।”
নির্ধারিত সময়ে অধিকাংশ সদস্যদের ভিসা এবং পরিচয়পত্র ইস্যু না করায় ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (অ্যানফ্রেল)।
একে বাংলাদেশ সরকারের ‘ব্যর্থতা’ উল্লেখ করে গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করেছিলেন।
ব্যাংককভিত্তিক এই নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাকে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) মাধ্যমে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। এই গ্রুপের কিছু সদস্যের ব্যয়ভারও বহন করছে যুক্তরাষ্ট্র তথা ইউএসএইড।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “আমরা নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিকে স্বাগত জানাই। তবে আবেদনকারী নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আইন ও নির্দেশনা পূরণ করছে কি না, তা নিশ্চিত করাও দায়িত্বের মধ্যে পড়ে।”
এখন পর্যন্ত বিভিন্ন দেশ ও সংস্থা মিলিয়ে ১৭৫ জন বিদেশি পর্যবেক্ষককে ভিসা দেওয়া হয়েছে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অ্যানফ্রেলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ভিসা ও পরিচয়পত্র ইস্যু এখনও প্রক্রিয়াধীন।
এর মধ্যেই আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আনফ্রেলের ‘প্রতিষ্ঠাতা সদস্য’ বাংলাদেশের সংগঠন ‘অধিকার’ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “অধিকার বরাবর বাংলাদেশের বিরুদ্ধে একপেশে ও পক্ষপাতদুষ্ট থেকেছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এ বছর অক্টোবর এবং ডিসেম্বরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে তাদের এই অবস্থান স্পষ্ট।
"এছাড়া অধিকারের শীর্ষপদে থাকা একজন সদস্য বিএনপি-জামায়াত সরকারের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পেয়েছিলেন। এ কারণে জাতীয় নির্বাচনে স্বাধীন ও নিরপেক্ষ পর্যবেক্ষক হিসাবে তার সংগঠন গ্রহণযোগ্যতা হারিয়েছে।”
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১ (সি) (১) ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে বিবেচিত হতে পারেন না।
