আরও দুই বছর ঢাকা মেডিকেলের অধ্যক্ষ থাকছেন আবুল কালাম
চাকরির মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদকে চুক্তিতে আরও দুই বছরের জন্য একই পদে নিয়োগ দিয়েছে সরকার।
মেডিসিন বিভাগের এই অধ্যাপককে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের পর অধ্যক্ষ হিসেবে পদায়ন করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ এবং অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে আদেশে বলা হয়েছে।
আলাদা আদেশে চুক্তিতে নিয়োজিত অধ্যাপক কাজী দীন মোহাম্মদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক পদে পদায়ন করেছে সরকার।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর চুক্তিতে নিয়োগ পান অধ্যাপক দীন মোহাম্মদ। ২০১৬ সালের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ বাড়ে।
নতুন করে আগামী বছরের ১১ জানুয়ারি থেকে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক করে নতুন করে চুক্তিপত্র করতে হবে।
