২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন সিংহাসনে থাকতেই ধানের শীষের প্রার্থিতা বাতিল: রিজভী

‘একতরফা’ নির্বাচন করতেই সরকার বিভিন্ন আসনে ‘ধানের শীষের’ প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 06:36 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

রোববার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, “মনে হচ্ছে যে সরকার একতরফা নির্বাচন করতে চায়। নানাভাবে একটা চক্রান্তের জাল বিস্তার করে এখানে নির্বাচন কমিশন, এখানে প্রশাসন, তারপরে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তাদের ওপর চাপ প্রয়োগ করে অনেক স্থানে ধানের শীষের প্রার্থিতা বাতিল করে দেওয়া হচ্ছে।

“সরকার চক্রান্তের জাল তৈরি করে হানা দিয়ে, ধানের শীষের প্রার্থীদের আক্রমণ করে, গ্রেপ্তার করে, ক্ষত-বিক্ষত করে, প্রার্থীদের সমর্থকদের চোখ তুলে নিয়ে যে নির্বাচন করতে চাইছে, এই নির্বাচন হচ্ছে ক্ষমতার সিংহাসনে আজীবন থাকার যে স্বপ্ন-সাধ শেখ হাসিনার, সেটাই পূরণ করার চেষ্টা তিনি করছেন।”

উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের প্রার্থিতা বাতিলের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “গত ২৪ নভেম্বর নির্বাচন কমিশন বললেন, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা পদত্যাগ করলেই প্রার্থী হতে পারবেন। তারপরে এখন কোর্ট থেকে বলা হচ্ছে- না প্রার্থী হতে পারবেন না। কেন? উপজেলা চেয়ারম্যানরা পাবলিক সার্ভেন্ট হয় কী করে? ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যারা জনগণের দ্বারা নির্বাচিত হন, তারা তো জনপ্রতিনিধি, তারা পাবলিক সার্ভেন্ট হন কীভাবে?”

তবে সর্বোচ্চ আদালতের ওপর বিএনপির এখনও বিশ্বাস রয়েছে মন্তব্য করে রিজভী বলেন, “আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, এসব পুনর্বিবেচনা করে আদালত একটা অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন।”

সিলেটে শনিবার নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের জবাবে রিজভী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, যারা যুদ্ধাপরাধীকে মনোনয়ন দেয় তারা দেশকে ধ্বংস করে দেয়। ধানের শীষে ভোট দেওয়ার অর্থ দুর্নীতি, লুটপাট ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া।

“প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশ ব্যাংক লুটের কথা বললেন না কেন? এটা আপনার আমলেই হয়েছে। শেয়ার বাজার ও ব্যাংক লুটপাটকারীদের আপনি এবার মনোনয়ন দিয়েছেন। আগে নিজের সরকারের ময়লা জামা পরিষ্কার করুন, তারপরে কথা বলুন। আওয়ামী লীগ সরকার হচ্ছে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ ও লুটপাটকারী।”

রিজভী বলেন, “যুদ্ধাপরাধীদের কথা বলছেন প্রধানমন্ত্রী। আপনিই তো জামালপুরের নুরু রাজাকার নুরুল ইসলামের গাড়িতে প্রথম জাতীয় পতাকা দিয়েছেন। এখনো আপনার দলে স্বাধীনতাবিরোধীদের ভিড়। জনগণকে প্রতারিত করে আবারও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধকে বিক্রি করে চলেছেন।”

আওয়ামী লীগ নেতাদের মধ্যে ২৩ জনের নামের একটি তালিকাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী। পাঁচটি বই থেকে উদ্ধৃত করে তিনি বলেন, ওই ২৩ জনের কয়েকজন এবং বাকিদের বাবা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছেন এবং যুদ্ধাপরাধে অংশ নিয়েছেন।

“এরা সক্রিয়ভাবে স্বাধীনতাযুদ্ধের বিরোধিতার করেছেন, না হয় সক্রিয় সহযোগিতা করেছেন হানাদার বাহিনীকে। এখন অপপ্রচার চালানো হয়েছে মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে।”

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে তারেক রহমানের কথিত যোগাযোগ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে আসা প্রতিবেদনের সূত্র ধরে রিজভী বলেন, “আইএসআই নাকি বিএনপির মনোনয়নে ভূমিকা রেখেছে। এটা শুধু ডাহা মিথ্যাই নয়, নোংরা অপপ্রচার।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ভাবমূর্তি নষ্ট করার জন্য’ সরকার কিছু ‘মিডিয়া ও গায়ে মানে না আপনি মোড়ল’ ধরনের বুদ্ধিজীবিকে লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, “তারা ইনিয়ে বিনিয়ে মনগড়া তথ্য বানিয়ে নিজেদের কিছু মিডিয়ায় অপপ্রচার করছে যাতে সত্যের লেশমাত্র নেই। জনগণের শ্রবনেন্দ্রীয় সর্বদা জাগ্রত। মিথ্যা অপপ্রচারে এখন মানুষ বিশ্বাস করে না।”

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় নেতা অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, মুনির হোসেন, আনোয়ার হোসাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।