গাড়িতে দুদকের লোগো লাগালেই ব্যবস্থা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো কর্মকর্তা ব্যক্তিগত বা অফিস থেকে পাওয়া গাড়িতে কমিশনের লোগো লাগিয়ে রাস্তায় বের হলে দুদককে অবহিত করতে আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান।
দুদকের এক কর্মকর্তা বলেন, ২০১৬ সালে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বা দুদকের গাড়িতে দুদকের লোগো বা সাইনবোর্ড ব্যবহার নিষিদ্ধ করে সংস্থাটি। কমিশনের গোয়েন্দা সূত্র জানায়, এখনও কোনো কোনো ব্যক্তি গাড়িতে দুদকের লোগো ব্যবহার করছেন।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, “দুদকের গাড়িতে লোগো ব্যবহার প্রশাসনিক আদেশের মাধ্যমে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ জাতীয় বেআইনি কাজ বন্ধে দুদক তৎপর রয়েছে।
“আমরা প্রত্যাশা করি, কেউ দুদকের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করবেন না। আর কেউ ব্যবহার করলে বিষয়টি দুদককে অবহিত করলে কমিশন আইনি ব্যবস্থা নেবে।”
