২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই: সন্তু লারমা

একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে পার্বত্য চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2018, 01:30 PM

Updated : 08 Apr 2022, 07:24 PM

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে জনসংহতি সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে সন্তু লারমা বলেন, এ অবস্থায় পার্বত্য চট্টগ্রামে অংশগ্রহনমূলক নির্বাচন সম্ভব নয়।

“পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের ওপর দমনপীড়ন, ফ্যাসিবাদী শাসন ও নাজুক পরিস্থিতিতে সারাদেশের সঙ্গে পার্বত্য চট্গ্রামেও একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু, অবাধ, নিরপক্ষে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কখনোই অনুকূল নয়।

“আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যত ক্ষমতাসীন দলের প্রার্থীদের অনুকূলে সহায়তা করার হীন উদ্দেশ্যে জনসংহতি সমিতির বিরুদ্ধে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।”

তিন পার্বত্য জেলার বিভিন্ন রাস্তাঘাটে নতুন চেকপোস্ট বসিয়ে নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে জানিয়ে ‘গণবিরোধী’ এসব তৎপরতা বন্ধের দাবিও জানান সন্তু লারমা।

“পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতিতে নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য পরিস্থিতি অনুকূল নয়। সুষ্ঠু নির্বাচন নাও হতে পারে।”

রাজধানীর সুন্দরবন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সঞ্জীব দ্রং, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবাহ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিভিন্ন দিক বাস্তবায়নের দাবি তুলে ধরেন সন্তু লারমা।

দলগুলোর নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে তারা কিছু আশা করছেন কি না এমন প্রশ্নে সন্তু লারমা বলেন, “ইতিপূর্বে নির্বাচনী ইশতেহারগুলোর বাস্তব প্রতিফলন দেখা যায়নি। সেখানে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়, কার্যত প্রতিফলন দেখি না।”

দীর্ঘ সময় পার হলেও চুক্তির দুই-তৃতীয়াংশ বিষয় এখনও বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ এই পার্বত্য নেতার। তিনি বলেন, সরকার বরং পার্বত্যচুক্তিবিরোধী বিভিন্ন কাজ করে যাচ্ছে।