২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়েছিলেন ছেলেকে দেখতে, পিটিয়ে মারা হল ‘চোর’ বলে

চট্টগ্রামের হাটহাজারীতে ‘চোর’ অপবাদ দিয়ে পিটিয়ে মারা এক যুবকের মামলার তদন্ত করে পিবিআই বলছে, স্ত্রীর পরকীয়ার জেরে খুন করা হয়েছিল তাকে।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2018, 08:57 PM

Updated : 08 Apr 2022, 07:23 PM

সাড়ে তিন মাস আগে উপজেলার মাহমুদাবাদ গ্রামে পিটুনিতে নিহত ইমাম হোসেন রুবেল (২৮) নিজের শিশু ছেলেকে দেখতে তালাক দেওয়া স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে ওই হামলার শিকার হন বলে পিবিআই পরিদর্শক আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

এ ঘটনার জন্য তার সাবেক স্ত্রী নাছিমা আকতারের সঙ্গে ‘পরকীয়া’ সম্পর্কে জড়িয়ে পড়া স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে সন্দেহ করছেন তিনি।

মাহমুদাবাদের পাশের গ্রাম নাজিরহাটের বাসিন্দা ছিলেন ইমাম হোসেন। গত ৪ অগাস্ট ওই ঘটনার পর তার নাম-পরিচয় জানতে পারেনি থানা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ৫০-৬০ জনকে আসামি করে থানায় একটি মামলা হলেও তার কোনো অগ্রগতি ছিল না।

পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এলে তদন্তের দায়িত্ব পান পরিদর্শক রাজ্জাক।

তিনি জানান, তারা তদন্ত শুরু করার পর নিহত ওই যুবকের নাম এবং তিনি নাজিরহাট পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা বলে জানতে পারেন। পরে তাকে হত্যায় জড়িত অভিযোগে মাহমুদাবাদ এলাকার মো. ইকবাল হোসেন (২৫) ও মো. আলাউদ্দিনকে (২২) গ্রেপ্তার করা হয়।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে এসেছে বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।

তিনি বলেন, নাজিরহাট বাজারে দিনমজুরের কাজ করা ইমাম হোসেনের সাথে ২০১২ সালে মাহমুদাবাদের বাসিন্দা নাছিমা আকতারের বিয়ে হয়। তাদের একটি শিশু ছেলে রয়েছে।

“বিয়ের পর নাছিমা নাজিরহাটে একটি বিউটি পার্লারে কাজ শুরু করে। এ সময় স্থানীয় এক ইউপি সদস্যের সাথে সে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। ওই ব্যক্তির কথায় নাছিমা তার স্বামীকে তালাক দেয়।”

তাদের ছাড়াছাড়ির পর ইমাম হোসেন মাঝে মধ্যে তার ছেলেকে দেখতে শ্বশুর বাড়ি মাহমুদাবাদে যেতেন জানিয়ে তিনি বলেন, “এ বিষয়টি নাছিমা ও তার প্রেমিক ওই ইউনিয়ন পরিষদ সদস্য ভালোভাবে নিতে পারেনি।

“ওই দিন ইমাম মাহমুদাবাদে তার ছেলেকে দেখতে গেলে কিছু লোক তাকে আটক করে চোর অপবাদ দিয়ে পিটুনি দেয়। পরে তাকে মাহমুদাবাদ চৌমুহনী বাজারে নিয়ে যাত্রী ছাউনিতে বেঁধে রেখে মারধর করে। মারধরের এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে গেলে স্থানীয় ইউপি সদস্য বেলাল ঘটনাস্থলে গিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দেয়।

“ইউপি সদস্য বেলাল তাকে চিনত। তবুও সে পুলিশকে তার পরিচয় জানায়নি। পাশাপাশি যারা পিটুনিতে ছিল তারা অনেকে বেলালের অনুসারী।”

ঘটনার এই বিবরণ দিলেও তদন্তের স্বার্থে নাছিমার ‘প্রেমিক’ ওই ইউপি সদস্যের নাম বলতে চাননি পুলিশ কর্মকর্তা রাজ্জাক।

তিনি জানান, এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল ও আলাউদ্দিনকে পাঁচদিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।