২১ অগাস্ট: পূর্ণাঙ্গ রায় প্রকাশ, নথি হাই কোর্টে
বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও অন্যান্য নথি হাই কোর্টে পাঠানো হয়েছে।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন গত ১০ অক্টোবর এ মামলার রায়ে ১৯ জনের মৃত্যুদণ্ডের পাশাপাশি খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া এ মামলার আসামি ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাঁটলিপিকার ওয়ালিউল ইসলাম বাদল জানান, ওই ঘটনার দুই মামলার পূর্ণাঙ্গ রায়, মামলার কাগজপত্রসহ ৩৭ হাজার ৩৮৫ পৃষ্ঠার নথি মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়।
এর মধ্যে হত্যা মামলার রায় ৩৬৯ পৃষ্ঠার; আর বিস্ফোরক মামলার রায় ৩৫৬ পৃষ্ঠার। অন্যান্য নথির মধ্যে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের সাক্ষীর জবানবন্দি ও জেরার বিবরণ, তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষীদের জবানবন্দি, যুক্তিতর্ক, আত্মপক্ষ সমর্থনের বক্তব্য, আদালতে দেওয়া আসামিদের স্বীকারোক্তি, ট্রাইব্যুনালে দেওয়া আসামি ও রাষ্ট্রপক্ষের হাজিরা ও দরখাস্তের কাগজও রয়েছে।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশে ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত ও কয়েকশ আহত হন।
মামলার অভিযোগে বলা হয়, তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে ওই হামলা চালানো হয়। হামলায় অংশ নেয় হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) জঙ্গিরা। তারা সহযোগিতা নেয় বিদেশি জঙ্গিদের। আর এই ষড়যন্ত্রের পেছনে ছিল তখনকার চারদলীয় জোট সরকারের শীর্ষ পর্যায়ের ‘ইন্ধন’। হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেড আনা হয় পাকিস্তান থেকে।
বিএনপি আমলে ওই হত্যাকাণ্ডের তদন্ত ভিন্ন খাতে নিতে নানা চেষ্টা হয়। হামলার পরপরই নষ্ট করে ফেলা হয় আলামত। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নতুন করে তদন্ত শুরু হলে ‘প্রকৃত তথ্য’ বেরিয়ে আসতে থাকে। উদঘাটিত হয় ‘জজ মিয়া নাটক’।
গত ১০ অক্টোবর এ মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারক শাহেদ নূর উদ্দিন বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের সহায়তায়’ ওই হামলা ছিল দলকে ‘নেতৃত্বশূন্য করার ঘৃণ্য অপচেষ্টা’।
“রাজনীতিতে অবশ্যম্ভাবীভাবে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে শত বিরোধ থাকবে। তাই বলে বিরোধী দলকে নেতৃত্বশূন্য করার প্রয়াস চালানো হবে? এটা কাম্য নয়।”
যার যেমন সাজা
১৯ জনের মৃত্যুদণ্ড |
# এই আসামিদের দণ্ডবিধি ৩০২, ১২০ খ, ৩৪ ধারায় হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। # দণ্ডবিধি ৩০৭ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে গুরুতর জখম করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। # বিস্ফোরক আইনের ৩ ও ৬ ধারায় হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। # বিস্ফোরক আইনের ৪ ও ৬ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে গুরুতর জখম করার দায়ে ২০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ***সব মিলিয়ে এই ১৯ আসামির ক্ষেত্রে কেবল মৃত্যুদণ্ডের শাস্তিই কার্যকর হবে। মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে তাদের দণ্ড কার্যকর করতে বলা হয়েছে রায়ে। |
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আবদুর রহিম এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী পিন্টুর ভাই হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজউদ্দিন আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মাদ শেখ আব্দুস সালাম কাশ্মিরী নাগরিক আব্দুল মাজেদ ভাট মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ মুফতি হান্নানের ভাই মুহিবুল্লাহ মফিজুর রহমান ওরফে অভি মাওলানা আবু সাইদ ওরফে ডাক্তার জাফর আবুল কালাম আজাদ ওরফে বুলুবুল মো. জাহাঙ্গীর আলম হাফেজ মাওলানা আবু তাহের হোসাইন আহমেদ তামিম মাইনুদ্দিন শেখ ওরফে আবু জান্দাল মো. রফিকুল ইসলাম সবুজ মো. উজ্জ্বল ওরফে রতন *** |
১৯ জনের যাবজ্জীবন |
# দণ্ডবিধি ৩০২, ১২০ খ, ৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে # দণ্ডবিধি ৩০৭, ১২০ খ, ৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জনিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। # বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। # বিস্ফোরক আইনের ৪ ও ৬ ধারায় ২০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। *** সব সাজা একযোগে কার্যকর হবে বলে এই ১৯ আসামির ক্ষেত্রে কেবল যাবজ্জীবন কারাদণ্ড কার্যকর হবে। |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী বিএনপির সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আরিফ হরকাতুল জিহাদ নেতা আব্দুল হান্নান ওরফে সাব্বির হাফেজ মাওলানা ইয়াহিয়া মাওলানা আব্দুর রউফ ওরফে পীর সাহেব মো. খলিল মুফতি শফিকুর রহমান মুফতি আব্দুল হাই বাবু ওরফে রাতুল বাবু শাহাদত উল্যাহ ওরফে জুয়েল আরিফ হাসান সুমন মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন আনিসুল মুরছালিন ওরফে মুরছালিন জাহাঙ্গীর আলম বদর মো. ইকবাল আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার লিটন ওরফে মাওলানা লিটন *** |
১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড |
চার জনের ৩ বছরের জেল সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী, মামলার প্রথম দিকের তদন্ত কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান ও এএসপি আব্দুর রশীদ। [দণ্ডবিধির দুটি ধারায় এই চারজনের ৩ বছর ও ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই সাজা একযোগে কার্যকর হবে বলে তাদের ক্ষেত্রে সব মিলিয়ে তিন বছরের সাজা প্রযোজ্য হবে।] |
পাঁচ জনের ২ বছরের কারাদণ্ড সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা ও আইজিপি শহিদুল হক, খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক এটিএম আমিন আহমদ ও লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) সাইফুল ইসলাম জোয়ারদার। [দণ্ডবিধির দুটি ধারায় তাদের দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই সাজা একযোগে কার্যকর হবে বলে তাদের ক্ষেত্রে সব মিলিয়ে দুই বছরের সাজা প্রযোজ্য হবে।] |
দুই জনের ২ বছরের কারাদণ্ড পুলিশের সাবেক উপ কমিশনার (পূর্ব) মো. ওবায়দুর রহমান এবং উপ কমিশনার (দক্ষিণ) খান সাইদ হাসান। [দণ্ডবিধির তিনটি ধারায় তাদের দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সব সাজা একযোগে কার্যকর হবে বলে তাদের ক্ষেত্রে সব মিলিয়ে দুই বছরের সাজা প্রযোজ্য হবে।] |
