আইইউবিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
২০১৮ সালে বিশ্বব্যাপী এডেক্সেল কারিক্যুলামে অনুষ্ঠিত ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এবছর বাংলাদেশের একাডেমিয়া স্কুলের ২৫৬জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ‘ও’ লেভেল থেকে ২১১ জন এবং ‘এ’ লেভেল থেকে ৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় ভালো ফলাফলের অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে সনদ ও ক্রেস্ট তুলে দেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।
অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশুনা করে সুনাগরিক হওয়ার পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবেও নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।
কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন, এডেক্সেলের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইদুর রহমান, এডেক্সেলের ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন, একাডেমিয়া স্কুলের অধ্যক্ষ অধ্যাপক ড. এম. মাহবুবুল হক, ভাইস প্রিন্সিপ্যাল রওনক আলমগীর, চেয়ারপারসন সারওয়াত জেব ও ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুবউদ্দিন।
এছাড়াও আইইউবি’র বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
