রাষ্ট্রপতির সঙ্গে সুদানের বিদায়ী দূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত সিরাজউদ্দিন হামিদ ইয়োসিফ।
রোববার সুদানের বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি রোহিঙ্গা সঙ্কটে সহযোগিতার জন্য দক্ষিণ সুদানের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান।”
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার উল্লেখ করে আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও সুদান জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন ইস্যুতে একই মত প্রকাশ করে।
দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক দিন দিন বাড়ছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি দুই দেশের সম্পর্ক আরও বাড়ানোর সম্ভাবনাময় খাতগুলোর সর্বোচ্চ ব্যবহারে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
