২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গায়েবি’ মামলা তদন্তের নির্দেশনা চেয়ে রিট খারিজ

দেশব্যাপী বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলা তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2018, 09:51 PM

Updated : 08 Apr 2022, 07:23 PM

এর আগে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দিলে প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য একক বেঞ্চে পাঠান। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সেই একক বেঞ্চ রোববার আবেদনটি খারিজের আদেশ দেয়।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী এ কে খান উজ্জ্বল।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুল জারি না করেই আদালত রিটটি সরাসরি খারিজ করে দিয়েছে।”

তিনি বলেন, “এর আগে এই রিটে যে দ্বিধাবিভক্ত আদেশ হয়েছিল সেখানে কনিষ্ঠ বিচারপতি রিটটি খারিজ করে দিয়েছিলেন। রিট খারিজের সেই যুক্তিতে সহমত হয়ে আদালত এবারও তা খারিজ করেছেন।

“অর্থাৎ রিট আবেদনকারী তিনজনই ফৌজদারি এসব মামলার আসামি। তাই সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে বা সংক্ষুব্ধ হয়ে রিট আবেদন করার এখতিয়ার তাদের নেই।”

গত ৯ অক্টোবর জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করলেও অপর বিচারপতি মো. আশরাফুল কামাল রিট খারিজ করে আদেশ দেন।

বিভক্ত আদেশের পর নিয়ম অনুযায়ী রিট মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে তিনি বিষয়টি সুরাহার জন্য একটি একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ) গঠন করে দেন।