বিএনপির মনোনয়ন প্রত্যাশী খোকাপুত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
সম্পদ বিবরণী জমা দিতে নোটিস দিয়ে তা না পেয়ে মামলা করার আট বছর পর বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন।
রোববার কমিশন সভায় এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
২০০৮ সালে দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার আরেক মামলার আসামি খোকার মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধেও অভিযোগপত্র অনুমোদন হয়েছে বলে জানান প্রনব।
ঢাকার সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী সাদেক হোসেন চিকিৎসার জন্য বিদেশে গিয়ে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
বিএনপির এই ভাইস চেয়ারম্যানের ছেলে প্রকৌশলী ইশরাক একাদশ সংসদ নির্বাচনে ঢাকার সূত্রাপুর-কোতোয়ালিতে বাবার আসনে বিএনপির মনোনয়ন চাইছেন।
নির্বাচনে প্রার্থী হতে ইশরাকের তৎপরতার মধ্যে দুদক অভিযোগপত্র দিতে যাচ্ছে। বিএনপি নেতাদের অভিযোগ, সরকার দুদককে ব্যবহার করছে।
প্রনব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটির বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছিল, এরপর দীর্ঘদিন মামলার তদন্তে স্থগিতাদেশ ছিল, স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় সম্প্রতি মামলাটির তদন্ত শেষ হয়।”
সম্পদ বিবরণী দাখিল না করায় ইশরাকের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ২০১০ সালের ৩০ অগাস্ট মামলা করে দুদক। এর তদন্ত করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।
তদন্ত প্রতিবেদনে বলা, আসামি ইশরাক হোসেনকে ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর সম্পদ বিবরণী দাখিল করতে নোটিস দেওয়া হয়। তিনি নির্ধারিত সময়ের পরও সম্পদ বিবরণী কমিশনে দাখিল না করায় মামলা হয়। আসামির রিট আবেদনে উচ্চ আদালতে স্থগিতাদেশের কারণে মামলাটির তদন্ত বিলম্বিত হয়।
সারিকা সাদেকের বিরুদ্ধে ২০১০ সালের ২৯ অগাস্ট মামলা করেছিল দুদক।
