২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওই দিন অফিসার্স ক্লাবেই যাইনি: জনপ্রশাসন সচিব

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে অফিসার্স ক্লাবে কয়েকজন সচিবের ‘গোপন বৈঠকের’ যে অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, তা নাকচ করেছেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2018, 05:11 PM

Updated : 19 Aug 2022, 02:56 PM

তিনি বলেছেন, গত ২০ নভেম্বর তিনি অফিসার্স ক্লাবেই ছিলেন না, ফলে বৈঠকে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে  না।

গত শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, “প্রশাসন ও পুলিশের বিতর্কিত ও দলবাজ কর্মকর্তারা জনসমর্থনহীন আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসানোর জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রতিনিয়ত তাদের গোপন বৈঠক চলছে।”

গত ২০ নভেম্বর রাতে অফিসার্স ক্লাবের চার তলায় পেছনের কনফারেন্স রুমে ওই বৈঠক হয় দাবি করে তিনি বলেন, বৈঠকে ইসি সচিব, জনপ্রশাসন সচিবসহ বেশ কয়েকজন সচিব এবং র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

রোববার জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদপত্রে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বলেন, “কল্পিত ঘটনায় জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদকে জড়িয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য প্রদান করেছেন, তা অসত্য ও বিভ্রান্তিকর।

“যে তারিখ ও সময়ের কথা উল্লেখ করা হয়েছে সেই তারিখ ও সময়ে জনপ্রশাসন সচিব মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজ সম্পাদন শেষে রাত ৮টায় পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে অফিস ত্যাগ করেন।

“ওই দিন তিনি অফিসার্স ক্লাবেই যাননি অথচ তাকে জড়িয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, যা তার সুনাম ও সম্মানের হানিকর।”

ইসি সচিব হেলালুদ্দীন আহমদও বিএনপি নেতার অভিযোগ নাকচ করে বলেছিলেন, “সবই প্রপাগান্ডা, মিথ্যাচার। বিতর্কিত ও হেয় করার জন্যে এবং চাপে রাখতে উদ্দেশ্য নিয়েই মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে।”

ইসি সচিব, জনপ্রশাসন সচিব, ডিএমপি কমিশনারসহ বেশ কয়েকজন জেলা প্রশাসককে সরানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে বিএনপি।

পুরনো খবর:

‘গোপন বৈঠকের’ খবর দিলেন রিজভী
সব অপপ্রচার: ইসি সচিব