২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো দুর্নীতি মামলা ছয় মাসে নিষ্পত্তির নির্দেশ

এক দশক আগে দুদকের দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2018, 04:28 PM

Updated : 19 Aug 2022, 02:56 PM

গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক সৈয়দ গালিব আহমেদ ও সৈয়দ তানভীর আহমেদের আবেদনে মামলা বাতিল প্রশ্নে এর আগে জারি করা রুল খারিজ করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

সৈয়দ গালিব আহমেদের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও সৈয়দ তানভীর আহমেদ এর পক্ষে আইনজীবী আহসানুল করিম।

রায়ের পর আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, “গ্যাটকো দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। সেই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়াও হয়েছে।”

এ রায়ের ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে আইনগত কোনো বাধা থাকছে না বলে জানান এই আইনজীবী।

দুই আসামি সৈয়দ গালিব আহমেদ ও সৈয়দ তানভীর আহমেদ দুই সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে নিম্ন আদালতকে তা বিবেচনা করতে বলা হয়েছে রায়ে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিন উদ্দিন মানিক বলেন, “মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করার পাশাপাশি মামলাটির স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। এর ফলে দশ বছর ধরে স্থগিত থাকা গ্যাটকো দুর্নীতি মামলা আবার সচল হওয়ার পথ তৈরি হল।”

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন।

চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে সেখানে আসামি করা হয়।।

ওই বছর ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। 

আসামিদের কয়েকজনের রিট আবেদনে প্রায় আট বছর এ মামলার কার্যক্রম পুরোপুরি আটকে থাকে। খালেদা জিয়ার করা রিট আবেদনের নিষ্পত্তি করে হাই কোর্ট ২০১৫ সালে মামলার তার অংশের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিলে মামলার কার্যক্রম শুরুর পথ তৈরি হয়।

কিন্তু গালীব ও তানভীরের রিট আবেদনের নিষ্পত্তি না হওয়ায় জজ আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু করা যাচ্ছিল না।

গ্যাটকোর দুই পরিচালকের রিট আবেদনে ২০০৮ সালের ২৯ জুলাই রুল জারির পাশাপাশি বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম স্থগিত করে দিয়েছিল হাই কোর্ট। সেই রুলের ওপর শুনানি শেষে রোববার তা খারিজ করে রায় দিল আদালত।  

মামলার ২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আকবর হোসেন, আব্দুল মান্নান ভূঁইয়া, এমকে আনোয়ার এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীও এই মামলার একজন আসামি ছিলেন।

মামলার বাকি আসামিরা হলেন- সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, আকবর হোসেনর স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, প্রাক্তন নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ, গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব, প্রাক্তন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও প্রাক্তন জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।