২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্সে পুড়লো দোকান

রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের পঞ্চম তলায় আগুন লেগে একটি দোকান ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2018, 12:15 PM

Updated : 11 Oct 2022, 12:47 PM

উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে ৩ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে রাজলক্ষ্মী কমপ্লেক্সে 'সূর্য্য কন্যা লেডিস টেইলার্স' নামের ওই দোকানে আগুন লাগে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

সফিকুল ইসলাম বলেন, “দ্রুত পদক্ষেপ নেওয়ায় ওই ভবনের শত শত দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে; ক্ষয়ক্ষতি কম হয়েছে।”

মার্কেট কমিটির ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, “একটি দোকানে আগুন লেগেছিল, ফায়ার সার্ভিস এসে নিভিয়েছে। অন্য কোনো দোকানের ক্ষতি হয়নি।”

বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই দোকানে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা।