মাদক মামলায় ঢাকায় দুইজনের ১২ বছর কারাদণ্ড
ইয়াবা রাখার অপরাধে এক ট্রাকচালক ও তার সহযোগীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস বৃহস্পতিবার এই রায় দেন।
১২ বছর সাজার পাশাপাশি দুই আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আমজাদ হোসেন (৪৭) এবং মো. সবুজ মিয়া (২২)।
আমজাদের বাড়ি পাবনার আমিনপুরে, আর মো. সবুজ মিয়ার বেনাপোলের দিঘীরপাড়ে।
রায় ঘোষণার সময় তাদের কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
রায়ে বলা হয়, ২০১৬ সালের ১৯ মে রাত পৌনে ৮টায় রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টরের সাত নম্বর সড়কের ১১৩/এ হোল্ডিংয়ে আকতার ফানিচারের সামনে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।
ওই সময় তাদের ট্রাকের চালকের আসনের নীচ থেকে ২৫৬০০ ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই আমিরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরা পূর্ব থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।
বিচারকালে রাষ্ট্রপক্ষে ছয়জনের সাক্ষ্য নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মাজহারুল হক।
