ইসিকে সহযোগিতা করতে মাঠ প্রশাসনকে নির্দেশ
একাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্বাচন কমিশনের আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ এর অনুসরণীয় বিধানগুলো উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১৫ দিন পার না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে যেন বদলি না হয়, সে বিষয়েও মন্ত্রিপরিষদের নির্দেশনা এসেছে।
আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।
আদেশে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রেখে অর্পিত দায়িত্ব পালন সংশ্লিষ্ট সকলের কর্তব্য। নির্বাচন কমিশনের অনুরোধে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন সরকারি, আধা-সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে ইসির।
মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, “একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অতীতের মতো নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে সরকার আশা করে।
“নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের বিধান সংবলিত নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ অনুসারে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা-কর্মচারী উক্তরূপে নিয়োগের তারিখ থেকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত তার নিজ চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনের অধীনে প্রেষণে চাকরিরত বলে গণ্য হবেন।
“প্রেষণে চাকরিরতরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকবেন এবং তাদের যাবতীয় আইনানুগ আদেশ বা নির্দেশ পালনে বাধ্য থাকবেন।”
আদেশে বলা হয়, “গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১৫ দিন সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়া নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অন্যত্র বদলি করা যাবে না।
“সকল মন্ত্রণালয়, বিভাগ এবং আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থাগুলোকে নির্বাচনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকরাতা-কর্মচারীতে ছুটি প্রদান এবং অন্যত্র বদলি করা থেকে বিরত থাকতে হবে।”
সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক; বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি এবং র্যাবের মহাপরিচালক; সব বিভাগীয় কমিশনার; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক; সব পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, সব পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
