৩৫ মৃত্যুবার্ষিকীতে ঢাবিতে এমএন লারমাকে স্মরণ
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী।
শনিবার এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় চিত্রাঅঙ্কণ ও স্মরণসভার আয়োজন করে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি।
চিত্রশিল্পী কনকচাঁপা চাকমার নেতৃত্বে বিপ্লবী এ নেতার প্রতিকৃতি অংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন।
বিপ্লবী এ নেতার স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে জাতীয় কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, ছাত্র সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বকুলতলায় হয় স্মরণসভা।
জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় জাতীয় কমিটির আহ্বায়ক মনজুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রথমে শোক প্রস্তাব পাঠ করেন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুর্শিদা আক্তার ডেইজী ।
স্মরণসভায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “৩৫ বছর আগে তাকে নিষ্ঠুর নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। তার প্রাণ হরণ করা হয়েছিল, কিন্তু তার আদর্শকে হরণ করা যায়নি। আমাদের মুক্তিযুদ্ধের উজ্জ্বলতম নক্ষত্র যারা আছেন তাদের একজন মানবেন্দ্র নারায়ণ লারমা।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ বলেন, “আমরা যেমন বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দলের নয়, জয় বাংলা কোনো দলের নয়, তেমনি বিপ্লবী এমএন লারমা কোনো দলের নন, তিনি সবার। মানবেন্দ্র নারায়ণ লারমা কেবল জুম্ম জনগণের জন্য লড়াই করেননি, তিনি দেশের অপরাপর নিপীড়িত শ্রমজীবি মানুষের জন্যও কথা বলেছেন। তিনি শুধু পাহাড়ের নেতা নন, তিনি সমগ্র নিপীড়িত মানুষের এবং বাংলাদেশের জনমানুষের নেতা।"
সৈয়দ আবুল মকসুদ আহমেদ বলেন, “সব নেতাকে লাল সালাম জানানো হয় না। কেবলমাত্র মানবেন্দ্র নারায়ণ লারমার মত আদর্শিক, প্রগতিশীল, সাম্প্রদায়িকতার ঊর্ধ্ব, ধর্মের ঊর্ধ্বে ও মানবিক মনের অধিকারী নেতাকেই লাল সালাম জানানো যায়। একজন বিপ্লবী নেতার দেশ-কাল-পাত্র নেই। তিনি সকল দেশের সকল মানুষের। মানবেন্দ্র লারমা সেরকম সবার।"
কবি ও সাংবাদিক সোহরাব হাসান তার বক্তব্যে বলেন, "মানবেন্দ্র নারায়ণ লারমা গণতন্ত্রের জন্য, মানবতার মুক্তির জন্য লড়াই করেছিলেন কিন্তু সে মুক্তি এখনো আসেনি। মানবেন্দ্র নারায়ণ লারমা আদিবাসীদের যে পরিচয়ের স্বীকৃতি চেয়েছিলেন সে স্বীকৃতি এখনো মেলেনি, এ রাষ্ট্র আদিবাসীদের পরিচয় নির্দিষ্ট করে না দিয়ে আদিবাসী হিসেবে উল্লেখ না করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে উল্লেখ করছে।"
আদিবাসী জাতিগোষ্ঠীগুলোর আন্দোলন ও সংগ্রামকে সঠিকভাবে উপলব্ধি করতে বামপন্থী সংগঠনগুলোর সীমাবদ্ধতাকে স্বীকার করে মানবেন্দ্র নারায়ণ লারমার বন্ধু ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, "একই বয়সের আমরা দুজন, ক্লাসমেট, আমরা জেল মেইট, আমরা একই আদর্শের সাধারণ অনুসারী। আমি খুব কাছে থেকে দেখেছি তাকে। এই মানুষটি আত্মনিবেদিত একজন বিপ্লবী। লারমা অত্যন্ত সহজ, সরল জীবন যাপন করতেন। তার প্রমাণ পাওয়া যায় মৃত্যুর পর পাওয়া তার ব্যবহার্য কয়েকটি জিনিস দিয়ে।"
সভাপতির বক্তব্যে জাতীয় কমিটির আহ্বায়ক মঞ্জুরুল আহসান খান বলেন, "মানবেন্দ্র নারায়ণ লারমার হত্যার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যেমন জড়িত ছিলেন ঠিক তেমনি রয়েছে পাহাড়ের বর্তমান সংঘাতময় পরিস্থিতির জন্যও রাষ্ট্রের ষড়যন্ত্র । এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে। এ লড়াইয়ে বিজয় লাভ হলেই মানবেন্দ্র নারায়ণ লারমার স্বপ্ন সার্থক হবে এবং তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।"
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্টাফ সদস্য চঞ্চনা চাকমা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবাহ কামাল, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর সভাপতি শাহজাহান আলী সাজুসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতারা।
আলোচনা সভার শেষে প্রয়াত নেতার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং মাদল ও কপিল আহমেদের সাংস্কৃতিক পরিবেশনা হয়।
