২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে বাসায় ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম

ঢাকার মতিঝিলের এজিবি কলোনির একটি বাসায় ঢুকে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক যুবক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2018, 07:57 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

বৃহস্পতিবার দুপুরের পর এই ঘটনায় হাবিব (৩০) নামে একজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

মেয়েটি এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান তিনি।

বেলা সোয়া ৩টার দিকে তার ওপর এই হামলা হয় বলে জানান মতিঝিল থানার ওসি ওমর ফারুক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শিক্ষার্থীর বাবা-মা দুজনই সরকারি চাকরিজীবী। ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে হাবিবকে পিটুনি দেয়।

“হাবিবকে চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়েছে। তার কাছ থেকে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।”

ওই ছাত্রী কিছুটা সুস্থ হওয়ার পর তার বাবা-মার কাছ থেকেও ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।