২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকশিকাঁথা নিয়ে গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

বাংলার নিভৃত পল্লীর অনিন্দ্য শিল্পের প্রতিচ্ছবি নকশিকাঁথার ইতিহাসকে এক মলাটে তুলে এনেছেন লোক ও কারুশিল্প বিশেষজ্ঞ মালেকা খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2018, 09:27 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

সোমবার বিকালে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তার রচিত ‘নকশিকাঁথা: বাংলাদেশের নন্দিত শিল্পের স্মারক’ শীর্ষক সচিত্র গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের অংশ হিসেবে নকশিকাঁথার নিয়ে গবেষণা করেন মালেক খান। বইটি প্রকাশ করেছে নারীবিষয়ক পত্রিকা পাক্ষিক অনন্যা।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, চিত্রশিল্পী শিল্পী হাশেম খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব আকতারী মমতাজ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক আব্দুল মান্নান ইলিয়াস উপস্থিত ছিলেন।  

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, নকশিকাঁথা একটি জীবন্ত শিল্প। কোনো না কোনোভাবে এটি এখনও টিকে আছে। এই শিল্প সবার উৎসাহ ও প্রচেষ্টায় টিকে থাকবে। সত্যিকার নকশিকাঁথা বিকশিত হওয়ার জন্য এই ধরনের প্রকাশনার প্রয়োজন আছে।

চিত্রশিল্পী হাশেম খান বলেন, গ্রন্থটি নকশিকাঁথার উপর আকর গ্রন্থ হিসেবে থেকে যাবে। মালেকা খান নিষ্ঠার সঙ্গে নশকিকাঁথার ভিতরে গিয়ে বিশদে কাজটি করেছেন।

পাক্ষিক অনন্যার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বইটিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে বিভিন্ন শিল্পী এবং একেবারে প্রান্তিক পর্যায়ের নকশিকাঁথা বোনা নারীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

‘বাংলাদেশের নকশিকাঁথা: অতীত দিনের কথা’, ‘নকশিকাঁথা: পথিকৃৎজন’, ‘নারীর অবদান’, ‘কাঁথার সাংস্কৃতিক অবদান’, ‘নকশার শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য’, ‘নকশিকাঁথা: শিল্পও শিল্পী’সহ মোট ৪০টি বিষয়ভিত্তিক অধ্যায় রয়েছে। আর্ট পেপারে মুদ্রিত ২৮০ পৃষ্ঠার রঙিন বইটির মূল্য এক হাজার ৫০০ টাকা।