২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডা-শাহজাদপুর লেক ড্রাইভ সড়ক চালু

রাজধানীর বাড্ডা থেকে শাহজাদপুর পর্যন্ত লেক ড্রাইভওয়ে চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 08:17 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

রোববার গৃহায়ন ও গণপুর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাতিরঝিলের বাড্ডা অংশ থেকে শাহজাদপুর পর্যন্ত দুই দশমিক ৪০ কিলোমিটার অংশে যান চলাচল উদ্বোধন করেন।

এই সড়কটি চালু হওয়ায় গুলশান-বারিধারার সঙ্গে বাড্ডা শাহজাদপুর এলাকার যোগাযোগ সহজ হয়েছে।

এর রক্ষণাবেক্ষণে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “এই সড়ক নির্মাণ করা হয়েছে গুলশান-বারিধারার সাথে যোগাযোগের সুবিধার জন্য। কাজেই এই সড়ক ও লেক রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই এলাকার জনগণের।”

সড়ক নির্মাণের জন্য যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে জমির তিনগুণ মূল্য ‘খুব তাড়াতাড়ি পরিশোধ’ করার আশ্বাস দেন তিনি।

লেকড্রাইভ সড়ক নির্মাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের অবদান স্মরণ করেন রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান।

তিনি বলেন, “এই সড়ক নির্মাণে বাড্ডা ও শাহজাদপুরের এলাকাবাসীর সহযোগিতাও ছিল অনেক। এই অঞ্চলের অধিবাসীদের যাতায়াতের জন্য লেকড্রাইভ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা, হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, গুলশান সোসাইটির সাবেক সভাপতি এ টি এম সামশুল হুদাসহ রাজউকের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রাজউকের লেক উন্নয়ন প্রকল্পের আওতায় বাড্ডার হাতিরঝিল মোড় থেকে শাহজাদপুর পর্যন্ত লেকের পাড় ধরে এ সড়ক নির্মাণ করা হয়েছে। এই সড়কটি ৩০ ফুট প্রস্থ, সড়কের দুই পাশে ফুটপাত রয়েছে। এরমধ্যে লেকের পাড় ঘেঁষা ফুটপাত ৬ ফুট এবং অন্য পাশের ফুটপাত ৩ ফুট প্রশস্ত।