দুদকের অভিযানে ফরম পূরণে বাড়তি অর্থ নেওয়া বন্ধ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের মুখে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ করেছে রাজধানীর হাজারীবাগের সালেহা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে হটলাইনে অভিযোগ পেয়ে রোববার দুদকের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ ও উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদের সমন্বয়ে দল স্কুলটিতে অভিযানে যায়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ২০১৯ সালের এসএসসির ফরম পূরণে সরকার নির্ধারিত দেড় হাজার টাকার পরিবর্তে সালেহা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ চার হাজার টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছিল।
“এমন অভিযোগ তাৎক্ষণিকভাবে ওই স্কুলে অভিযান চালায় দুদক সদস্যরা। দুদক দলের কাছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম অতিরিক্ত ফি আদায় করার অভিযোগ স্বীকারও করেন।
“পরে দুদক দলের সামনেই স্কুল কর্তৃপক্ষ নোটিস ইস্যু করে, ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখার শিক্ষার্থীদের ফরম পূরণে নির্ধারিত এক হাজার ৮৪০ টাকা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এক হাজার ৯৫০ টাকা করে ফি দিতে হবে।”
এছাড়া প্রধান শিক্ষক কোনো অবস্থাতেই ফরম পূরণে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান প্রণব।
অভিযানের বিষয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, ফরম পূরণে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া সম্পূর্ণ অনৈতিক।
তিনি আরো বলেন, “এ বিষয়টিতে কমিশন নজরদারি করছে এবং জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। অভিযোগ পেলে এসব অপরাধ প্রতিরোধে দুদক নিয়মিত অভিযান চালাবে।”
