বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজধানীতে যুবক খুন
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজধানীর শ্যামপুরের এক যুবক বখাটেদের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের শ্যামপুর জোনের সহকারী কমিশনার কায়সার মাহমুদ জানান, শেখ ইসলাম পাভেল নামে ২২ বছর বয়সী ওই যুবক শনিবার রাতে হামলার শিকার হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে পাভেলের মৃত্যু হয়।
কায়সার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা পাভেলকে ছুরি মেরেছে তারা শ্যামপুর এলাকার বখাটে যুবক। আমরা শুনেছি ও অভিযোগ পেয়েছি, এলাকার ওই বখাটেরা প্রায়ই পাভেলের বোনকে উত্ত্যক্ত করত।”
পাভেলের বন্ধু বিলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুরাইন মাজারগেইট এলাকায় শনিবার রাতে পাভেলকে ছুরিকাঘাত করে তুহিন ও শাহিন নামে দুই যুবক।
“এরা পাভেলের ছোট বোনকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত। পাভেল এর প্রতিবাদ করেছিল বলে তার পেটে ছুরি মারে ওরা।”
সহকারী কমিশনার কায়সার মাহমুদ বলেন, পাভেলের উপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
