২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কওমির শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি শিক্ষার্থীদের শোকরানা মাহফিল শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 11:32 AM

Updated : 11 Oct 2022, 12:44 PM

রোববার সকাল ৯টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে কওমির ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশের এই মাহফিলের সূচনা হয়।

এ সংস্থার চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কওমি সনদকে স্বীকৃতি দেওয়ায় এ অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। গত ১৯ সেপ্টেম্বর কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে আইন পাস হয়।

এই মাহফিল ঘিরে ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন কওমি মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকশ বাসে করে কওমি শিক্ষার্থীদের নিয়ে আসা হয় ঢাকায়। সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে প্রতিটি সড়কে দেখা যায় পাঞ্জাবি আর টুপি পরিহিত শিক্ষার্থীদের স্রোত।

বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী শোকরানা মাহফিলে পৌঁছালে কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী তাকে স্বাগত জানান।

এই মাহফিল ঘিরে আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে আর্চওয়ে। মেটাল ডিটেক্টরেও তল্লাশি করা হচ্ছে সেখানে।

এই কর্মসূচির কারণেহোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়, কাটাবন মোড়, মৎস্য ভবন মোড়, কদম ফোয়ারা,  শিক্ষা ভবন মোড়, দোয়েল চত্বর,  নীলক্ষেত মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সারা দেশ থেকে কওমি শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আসা বাস ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন রাস্তা, আজিমপুর ও মতিঝিল এলাকায় রাখায় তৈরি হয়েছে যানজট, ফলে ভোগান্তিতে পাড়েছে সাধারণ মানুষ।

এদিন জেএসসি ও জেডিসির ২৭ লাখ শিক্ষার্থীর যে পরীক্ষায় বসার কথা ছিল, তা পিছিয়ে দেওয়ার কথা ইতোমধ্যে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসায় ১৩ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী আছে।