মাউশি ডিজি অধ্যাপক মাহাবুবুর মারা গেছেন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান মারা গেছেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদধারী এই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “মাহাবুবুর রহমান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার অভাব সহজে পূরণ হওয়ার নয়।”
শিক্ষামন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নিউমোনিয়ার পাশাপাশি প্রচন্ড জ্বরে আক্রান্ত হলে গত ১৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা অধ্যাপক মাহাবুবুরকে।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপরেও অবস্থার উন্নতি না হওয়ায় গত ২৩ সেটেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
১৯৯৫ সালের বিসিএস ব্যাচের শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ এবং শরিয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
