২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ২৭ সফল আত্মকর্মী-সংগঠক

আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প স্থাপনে ‘দৃষ্টান্তমূলক অবদানের’ স্বীকৃতি হিসেবে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্য থেকে ২২ জন ‘সফল আত্মকর্মী’ এবং পাঁচজন যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দিচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 04:13 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

তিনি জানান, সরকারের ‘ন্যাশনাল সার্ভিস’ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৩৭ জেলার ১৩৮টি উপজেলায় ২ দুই লাখ ১০ হাজার ২৭৪ জনকে প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্য থেকে দুই লাখ ৭ হাজার ৯৩৯ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

বেকার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের জন্য বর্তমান সরকারের সময়ে ২৪ লাখ ৬ হাজার ৬৪১ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯১২ জন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।