২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা নদী বন্দরে ধূমপান নিষিদ্ধ ঘোষণা

ঢাকা নদী বন্দরে ‘ধূমপান নিষিদ্ধ’ করার ঘোষণা দিয়েছে ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 11:17 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

সোমবার ঢাকা আহছানিয়া মিশনের উদ্যেগে এবং ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের সহযোগিতায় ঢাকা নদী বন্দর সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে অনুষ্ঠানের সভাপতি ঢাকা নদী বন্দরের যুগ্ন পরিচালক (পোর্ট) এ. কে. এম আরিফ উদ্দিন বক্তব্যের শুরুতে ঢাকা নদী বন্দরকে ধুমপান মুক্ত করার এই ঘোষনা দেন।

তিনি বলেন, “শুধু নদী বন্দর নয় এর সাথে সংশ্লিষ্ট সকল পাবলিক প্লেসে পর্যায়ক্রমে ধূমপান মুক্ত করা দরকার।”

‘নৌ-পরিবহন ও নৌ-বন্দরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

সেমিনারে বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিআইডাব্লিউটিএর আওতাধীন বিভিন্ন সংস্থাকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু বন্দর নয়, লঞ্চ, ফেরি এবং এসবের ক্যান্টিনে তামাক পণ্যের বিক্রি ও ধূমপান বন্ধের ব্যাপারে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।

এ ব্যাপারে তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ি সংশ্লিষ্ট জায়গায় চিঠি দিয়ে পরবর্তিতে তা মনিটরিং করা, নদী-বন্দর, লঞ্চ, ফেরিতে তামাক বিরোধী সাইনেজ, বিলবোর্ড প্রদর্শন এবং তামাকের ক্ষতিকারক দিক তুলে ধরে ভিডিও প্রচার, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, যাত্রীদের তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে মাইকের মাধ্যমে অবহিত করা যেতে পারে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এক্ষেত্রে মালিক-শ্রমিকদের যুক্ত করার বিষয়টিও সেমিনারের আলোচনায় উঠে আসে।  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. মোখলেছুর রহমান।

সেমিনারে উপস্থিত ছিলেন মো. আলমগীর কবির, মো. আব্দুস সালাম, মো. মিজানুর রহমান, কাউসারুল ইসলামসহ পুলিশ কর্মকর্তা, লঞ্চ মালিক সমিতি, শ্রমিক নৌকা মাঝি সমিতি, তামাক নিয়ন্ত্রণ সেল এবং সিটিএফকের প্রতিনিধি । 

সেমিনার শেষে তামাক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে লঞ্চের যাত্রীদের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।