২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহিদুলের বক্তব্যের ফুটেজ চেয়েছে হাই কোর্ট

নিরাপদ সড়কের আন্দোলনের সময় আল জাজিরা টেলিভিশন এবং ফেইসবুক লাইভে দেওয়া আলোকচিত্রী শহিদুল আলমের বক্তব্যের ভিডিও ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 06:48 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

সোমবার শহিদুলের জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আগামী বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই ভিডিও ফুটেজ জমা দিতে বলা হয়েছে। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।  জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সারা হোসেন ও শাহদীন মালিক।

পরে মো.বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, “জামিন শুনানিতে আদালত আল-জাজিরা এবং ফেইসবুকে লাইভে শহিদুল আলমের প্রচারিত বক্তব্যের ভিডিও ফুটেজ চেয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষকে এগুলো উপস্থাপন করতে হবে। ওইদিন পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়েছে।”

শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, “নিরাপদ সড়ক নিয়ে চলা আন্দোলনের সময় শহিদুল আলম আল-জাজিরা টিভি চ্যানেলে একটি সাক্ষাতকার দেন যেটি বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়েছে।

“উনি সেখানে দেশের পরিস্থিতি যেভাবে তুলে ধরেছেন তাতে রাষ্ট্র-সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এছাড়া ফেইসবুক লাইভে এসেও বিভ্রান্তিকর, বিকৃত তথ্য উপস্থাপন করেছেন।”

তখন আদালত সেই বক্তব্যের ফুটেজ জমার নির্দেশ দিয়ে বলে, “বৃহস্পতিবার আমরা ওই ভিডিও ফুটেজটা দেখি, সেখানে কি বলা হয়েছে।”

গত ১১ সেপ্টেম্বর শহিদুল আলমের জামিন আবেদন নাকচ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস।

এরপর ১৬ সেপ্টেম্বর হাই কোর্টে জামিন আবেদন করলে ৩ অক্টোবর তার ওপর শুনানি শুরু হয়। 

শুনানি শেষে গত ৭ অক্টোবর হাই কোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করে। শহিদুল আলমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।  এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রকে রুলের জবাব দিতে বলা হয়।

সে রুলের শুনানিতেই সোমবার আদালত শহিদুল আলমের বক্তব্যের ভিডিও ফুটেজ চেয়েছে। 

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গত ৫ অগাস্ট শহিদুল আলমকে বাসা থেকে তুলে নেওয়ার পর ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ অগাস্ট রিমান্ডে নেয় পুলিশ।