২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফরুল্লাহর জামিন প্রশ্নে হাই কোর্টে বিভক্ত আদেশ

আশুলিয়া থানায় দায়ের করা মাছ চুরির এক মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর জামিন আবেদনে বিভক্ত আদেশ দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 06:07 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

এখন নিয়মানুযায়ী জামিন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। আবেদনটি নিষ্পত্তি করতে প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করে দেবেন। 

সোমবার দুপুরের পর বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের হাই কোর্ট বেঞ্চে জামিন শুনানি শুরু হয়।

আদালতে জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন; সঙ্গে ছিলেন মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ।

রাফি আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুনানি শেষে আদালত আদেশ দেওয়ার আগে জামিন আবেদনকারীর আইনজীবী পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত জামিন দেওয়ার আরজি জানান।

রাষ্ট্রপক্ষ এতে আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। তখন আদালত আদেশ না দিয়ে নেমে যায়। পরে এই বেঞ্চ থেকে বিভক্ত আদেশ আসে। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ জামিন মঞ্জুর করলেও বিচারপতি মহিউদ্দিন শামীম তার সঙ্গে দ্বিমত পোষণ করেন।

রাফি আহমেদ বলেন, “নিয়ম অনুযায়ী জামিন আবেদনটি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি আবেদনটি নিষ্পত্তির জন্য তৃতীয় একটি বেঞ্চ গঠন করে দেবেন।”

গত ২৪ অক্টোবর রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা কাজী মহিবুর রব আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন।  মামলায় ডা. জাফরুল্লাহসহ কয়েকজনকে আসামি করা হয়।

টেলিভিশন আলোচনা অনুষ্ঠানে সেনাপ্রধানকে নিয়ে মন্তব্যের পর আলোচনা চলছে বিএনপি সমর্থক পেশাজীবী নেতা হিসেবে পরিচিত জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে। ওই বক্তব্যের জন্য ঢাকায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও হয়েছে।

এরপর থেকে তার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, মারপিট, লুট, চুরিসহ নানা অভিযোগে আরো কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় জাফরুল্লাহ চৌধুরী হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

পুরনো খবর:

এবার মাছ চুরির মামলায় জাফরুল্লাহ আসামি