শিশুরাই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবে: প্রধানমন্ত্রী
বর্তমান প্রজন্মই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাI
শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “সকল শিশু আগামীদিনে আমাদের ভবিষ্যত। আমি চাই, জাতির পিতা যে সোনার বাঙলা গড়ার স্বপ্ন দেখেছিলেন; আমাদের এই ছেলেমেয়েরাই সেই স্বপ্ন পূরণ করবেI”
গণভবনে শুক্রবার বিকালে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণ করেন।
বঙ্গবন্ধুর ৯৬, ৯৭ ও ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নগদ অর্থ, সনদ এবং বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত কমিকস (গ্রাফিকস নভেল) তুলে দেন প্রধানমন্ত্রীI
প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাবে, ছেলেমেয়েরা সুশিক্ষায় সুশিক্ষিত হবে। আজকের যে শিশু আগামী দিনে তারাই তো দেশ চালাবে। এই শিশুদের মধ্যে থেকেই কেউ না কেউ আমার মতো প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় ব্যবসায়ী হবে, বড় বড় চাকরি করবে, দেশ চালাবে। দেশের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করবে, বিভিন্নভাবে নিজেদের জীবনটাকে গড়ে তুলবে।”
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি শেখ হাফিজুর রহমান।
