চীন মৈত্রী সেতুতে টোল নিয়ে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১
রাজধানীর উপকণ্ঠে পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল নিয়ে বিক্ষোভরত পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
টোলের হার বাড়ানোর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা শুক্রবার সকালে বিক্ষোভ শুরু করলে পুলিশ সেখানে যায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতের নাম সোহেল (২৮)। মহেন্দ্র গাড়ির চালক সোহেল পুলিশের গুলিতে নিহত হন বলে পরিবহন শ্রমিকরা জানান।
হাসপাতালটির ব্যবস্থাপক কারিমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলিবিদ্ধ একজনের লাশ আমাদের এখানে এসেছিল। তার বুকের নিচে ও পেটের উপরে গুলির জখম ছিল। পুলিশ এসে লাশটি নিয়ে গেছে।”
বিষয়টি নিয়ে যোগাযোগ করলে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি একজন নিহত হওয়ার খবর শুনেছি। খোঁজ নিচ্ছি, ঘটনাটি পুরোপুরি জানলে নিশ্চিত করতে পারব।”
সংঘর্ষে শ্রমিক-পুলিশ মিলিয়ে অন্তত অর্ধশত আহত হয়েছেন। পুলিশের গাড়িও ভাংচুর হয়েছে। বহু শ্রমিককে পুলিশ আটক করেছে বলেও বিক্ষোভকারীদের দাবি।
সংঘর্ষের সময় সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দুপুর ১২টার পর পরিস্থিতি শান্ত হলে গাড়ি চলাচল শুরু হয়।
এই টোল কমিয়ে আনার দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করেছিলেন পরিবহন শ্রমিকরা; শুক্রবার তা সহিংস রূপ নিল।
বুড়িগঙ্গা নদীর উপর এই সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে ২০১৫ সালে অটোরিকশা চালকদের বিক্ষোভে তিন দিন চলাচল বন্ধ ছিল।
পরে নৌ পরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা শান্ত হয়।
