বিভিন্ন সেতুতে বর্ধিত টোল কমানোর আশ্বাস
চলতি অগাস্ট মাসের মধ্যেই বিভিন্ন সেতুতে বর্ধিত টোল কমানোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
টোল নিয়ে বিভিন্ন স্থানে ক্ষোভ-বিক্ষোভের প্রেক্ষাপটে রোববার চট্টগ্রাম বন্দর রেস্ট হাউসে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি।
শাজাহান খান বলেন, “টোলের বিষয়ে আমরা যোগাযোগমন্ত্রীর (সড়ক ও সেতুমন্ত্রী) সঙ্গে কথা বলেছি এবং তিনি বর্ধিত টোল কমানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন।”
টোল নিয়ে অসন্তোষে অটোরিকশাচালকদের অবরোধ বুড়িগঙ্গা সেতুতে (ফাইল ছবি)
আগামী ২১ অগাস্টের পর সড়ক ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন জানিয়ে এই শ্রমিক নেতা বলেন, “আশা করছি, বর্ধিত টোল কমানোর জন্য এই মাসের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছানো যাবে।”
টোলের হার নিয়ে অসন্তোষে অটোরিকশাচালকদের বিক্ষোভে এই মাসেই ঢাকার বুড়িগঙ্গা (বাংলাদেশ-চীন প্রথম মৈত্রী সেতু) সেতুতে যান চলাচল তিন দিন বন্ধ ছিল।
বন্দরের জন্য ১০টি গেন্ট্রি ক্রেইন
চট্টগ্রাম বন্দরের জন্য আরও ১০টি গেন্ট্রি ক্রেইন কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
পুরনো গেন্ট্রি ক্রেইনের কারণে বন্দরের কাজ ব্যাহত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “১০টি গেন্ট্রি ক্রেইন কেনার সিদ্ধান্ত নিয়েছি। পুরনোগুলোর জায়গায় কিভাবে সেগুলো রিপ্লেসমেন্ট করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।”
কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, “এ নিয়ে আমরা সমস্যায় পড়ে গেছি। ড্রেজিংয়ের কাজটি একটা মালয়েশিয়ান কোম্পানি পেয়ে সম্পন্ন করতে পারেনি।”
প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল করায় তারা আদালতে মামলা করেছে জানিয়ে তিনি বলেন, “আরবিট্রেশনের একটা সিদ্ধান্ত হয়েছে। সেজন্য একটা বোর্ডও গঠন করা হয়েছে।”
তবে সে বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানান মন্ত্রী।
এদিকে বন্দরের নিজস্ব উদ্যেগে ড্রেজিং করা সম্ভব দাবি করে শাজাহান খান বলেন, গত মঙ্গলবার একনেকের বৈঠকে ড্রেজার কেনার জন্য ২ হাজার ৪৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরে ১৮ ইঞ্চি ড্রেজার রয়েছে। বরাদ্দ পাওয়া টাকা দিয়ে নয়টি ২৬ ইঞ্চি এবং ছয়টি ২০ ইঞ্চি ড্রেজার কেনা হবে বলে জানান তিনি।
আগামী দুই বছরের মধ্যে এসব ড্রেজার বন্দরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
